'চোর চক্রের' সাত সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকা থেকে গতকাল সোমবার চোর চক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। বাকলিয়া থানার পুলিশ এ কথা জানিয়েছে।
আটক ব্যক্তিরা হলো আল মামুন ওরফে ফরহাদ, মো. আবু ছায়েদ ওরফে ছিদ্দিক, মো. রুবেল, মো. মাসুদ, মো. তারেক, মো. রাসেল ও মোশারফ হোসেন।
বাকলিয়া থানা সূত্র জানায়, এই চোর চক্রের সদস্য ১৫ জন। তারা দীর্ঘদিন ধরে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় চুরি করে আসছিল। তাদের দলনেতা অলি কুমিল্লায় থাকে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বলেন, জিজ্ঞাসাবাদের সময় চুরির কৌশল সম্পর্কে তথ্য দিয়েছে আটক ব্যক্তিরা। তারা জানিয়েছে, ভোরের দিকে চোর চক্রের দুজন সদস্য দোকানের সামনে চাদর মেলে ধরে। আর দুজন দোকানের শাটার বাঁকা করে দোকানের ভেতরে ঢোকে। আর অন্যরা আশপাশে পাহারা দেয়। এভাবে তারা চুরি করে। ওসি জানান, সোমবার এ রকম চুরির পরিকল্পনা করার সময় খবর পেয়ে পুলিশ ওই সাতজনকে নির্মাণাধীন একটি ভবনের ভেতর থেকে আটক করে।
ওসি জানান, জিজ্ঞাসাবাদে ফরহাদ স্বীকার করেছে, সে এ রকম অন্তত দুই শ চোরকে চেনে। ফরহাদ নিজে গত সাত বছরে কমপক্ষে চার শ চুরিতে অংশ নেয়।