'চোর সন্দেহে' যুবককে পিটিয়ে হত্যা
রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের বাকশইল গ্রামে ‘চোর সন্দেহে’ এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম হাসান আলী (২৬)। তাঁর বাড়ি উপজেলার চকিপাড়া গ্রামে। এ ঘটনায় তাঁর বাবা তোফাজ্জল হোসেন বাদী হয়ে পবা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোন্তাজ আলীর ভাষ্য, গতকাল দিবাগত রাত ২টার দিকে হাসান আলী বাকশইল গ্রামের দেলজান আলীর মুদি দোকানের তালা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় দোকানের পাশের বাড়ির রোজিনা খাতুন শব্দ পেয়ে বের হয়ে আসেন। দোকানের মধ্যে হাসানকে দেখে তিনি চিৎকার দিলে হাসান পালানোর চেষ্টা করে। এ সময় গ্রামের লোকজন ঘিরে ফেলে তাঁকে ধরে পিটুনি দিয়ে স্থানীয় গ্রাম পুলিশ নোমান আলী ও কায়মুদ্দিনের হাতে তুলে দেন। তাঁরা সকাল ১০টার দিকে তাঁকে পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে লাশ নিয়ে গিয়ে তারা ওই দোকানের সামনে ফেলে রাখে।
নিহতের বাবা তোফজ্জল হোসেন বলেন, রিকশা চালিয়ে হাসান জীবিকা নির্বাহ করে। সাধারণত সারা রাত রিকশা চালিয়ে সকালে বাড়ি ফিরে, কিন্তু আজ মঙ্গলবার সকালে সে বাড়ি ফেরেনি। তিনি সকালে খোঁজ নিয়ে জানতে পারি দর্শনপাড়ার একটি দোকানে চুরির অভিযোগে রাতে স্থানীয় লোকজন বাকশোল ক্লাবে তাঁকে আটকে রাখে । সেখানে রাতভর তাঁর ছেলেকে ব্যাপক মারধর করা হয়। সকালে অচেতন হয়ে পড়লে তাঁকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিজাউল হক চৌধুরী বলেন, সকাল ১০টার দিকে মৃত অবস্থায় হাসান আলীকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। মৃত ঘোষণা করলে যারা এনেছিল তারাই আবার লাশ নিয়ে চলে যায়।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম আজ বিকেলে প্রথম আলোকে বলেন, স্থানীয় ইউপি সদস্য মোন্তাজ আলীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পাশের একটি ডোবা থেকে তার রক্তমাখা জামা কাপড় উদ্ধার করা হয়েছে। ওই দোকানের ভাঙা তালা ও একটি লোহার রড উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি বলেন, স্থানীয় লোকজন জানিয়েছে সকালেও হাসান আলী বেঁচে ছিলেন। সকালে বিস্কুট ও চা খেয়েছে। তারপর তাঁর অবস্থা খারাপ হলে হাসপাতালে আনা হয়। তিনি বলেন, ভয়ে দুই চৌকিদার পালিয়েছেন। জানতে পেরেছেন, মুনিরুল নামের এক ব্যক্তি প্রথমে হাসানকে ধরে মারতে শুরু করে। তাঁকেও এলাকায় পাওয়া যায়নি।