'চোরকেও কেউ এভাবে মারে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘...তোমরা যখন আমাদের মারো...তখন কি আমাদের কাছে খারাপ লাগে না? আমরা কি মেয়ে বলে আমাদের কোনো মূল্য নাই? তোমরা আমাদের বিয়ে করো বলে আমাদের কি কিনে নাও যে যখন যা খুশি তাই করো।’
ফারজানা ইয়াসমিনের ডায়েরির প্রথম পাতার কয়েকটি লাইন। রাজধানীর তিতুমীর কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ফারজানা গত ৪ এপ্রিল মারা গেছেন বিষক্রিয়ায়। তাঁর স্বামী আলী আজগরকে গ্রেপ্তার করা হয়েছে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে। তবে মামলার বাদী ফারজানার মা লুৎফা বেগম অভিযোগ করছেন, তাঁর মেয়েকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে।
পুলিশ ফারজানার যে ডায়েরি উদ্ধার করেছে, তার পাতায় পাতায় স্বামীর নির্যাতনের বিবরণ ছড়িয়ে আছে। ডায়েরির এক জায়গায় ফারজানা লিখেছেন, ‘একটা চোরকেও এভাবে মারে না, যেভাবে তুমি তোমার বউকে পিটাইলা।’
লুৎফা বেগম প্রথম আলোকে জানান, বিয়ের পর মহাখালীতে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন ফারজানা ও আলী আজগর। গত ৪ এপ্রিল বিকেলে তিনি ফারজানার অসুস্থতার খবর পান। কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি দেখেন মেয়ের মুমূর্ষু অবস্থা। রাতেই ফারজানা মারা যান। লুৎফা বেগমের অভিযোগ, ফারজানার স্বামী তাঁকে বিষ খাইয়ে হত্যা করেছেন। তবে ৫ এপ্রিল তিনি যে মামলা দায়ের করেন, তাতে আলী আজগরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আছে। লুৎফা বেগম বলেন, ‘আমি মূর্খ মানুষ। অত বুঝি না। পুলিশ যেভাবে বলছে ওইভাবেই করেছি।’
মামলা দায়েরের পরপরই আলী আজগরকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এখন কারাগারে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন খান বলেন, পরিবারের অভিযোগ অনুযায়ী মামলা নেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।