'চোর' স্বামীকে ধরতে গিয়ে অস্ত্রসহ স্ত্রী গ্রেপ্তার
মোটরসাইকেল চুরির অভিযোগে নাসির উদ্দিনকে ধরতে গিয়ে তাঁর স্ত্রী অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন। স্ত্রীর নাম রোকসানা আক্তার। গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, সাতটি গুলি এবং পাঁচটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
সিআইডি চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন প্রথম আলোকে বলেন, গত ১৯ আগস্ট খুলশী এলাকায় একটি বাসার নিচ থেকে সিআইডিতে কর্মরত এক পুলিশ কনস্টেবল এবং পল্লী বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তার দুটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় খুলশী থানায় মামলা করার পর তদন্ত শুরু করে সিআইডি। তদন্ত করতে গিয়ে ওই বাসার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। এতে নাসির উদ্দিনকে শনাক্ত করা হয়।
কুতুব উদ্দিন বলেন, নাসিরতে ধরতে বাকলিয়া এলাকায় তাঁর বাসায় গত মঙ্গলবার অভিযান চালানো হয়। অভিযানের সময় নাসির বাসায় ছিলেন না। পরে তাঁর বাসা তল্লাশি করে আলমারির ভেতর থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী রোকসানাকে আসামি করে বাকলিয়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। পলাতক নাসিরকে ধরতে অভিযান চলছে। তাঁর বিরুদ্ধে জেলার আনোয়ারা থানায় মোটরসাইকেল চুরির অভিযোগসহ ১৮টি মামলা রয়েছে।