'ছাত্রলীগ কর্মী'র নেতৃত্বে শিক্ষককে পিটিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের মুলাদী কলেজের এক শিক্ষককে গতকাল মঙ্গলবার পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় মো. শাওন নামের এক ছাত্রসহ আটজনের নামে মামলা করেছে কলেজ কর্তৃপক্ষ।
মুলাদী কলেজে ছাত্রলীগের কোনো কমিটি নেই। তবে শাওন কলেজে ছাত্রলীগের কর্মী পরিচয়ে দাপট দেখান। অবশ্য উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ বলেন, শাওন ছাত্রলীগের কেউ নন। গতকালের ঘটনার সঙ্গে ছাত্রলীগের দূরতম কোনো সম্পৃক্ততা নেই।
প্রত্যক্ষদর্শী শিক্ষক ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, কলেজ কর্তৃপক্ষ ক্যাম্পাসে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পোশাক এবং স্নাতক (সম্মান) ও ডিগ্রি (পাস) কোর্সের শিক্ষার্থীদের জন্য পরিচয়পত্র পরা বাধ্যতামূলক করেছে। ক্লাস শুরুর আগে কলেজের আইনশৃঙ্খলাবিষয়ক কমিটির সদস্যরা বিষয়টি তদারক করেন। কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্র শাওন গতকাল সকাল ১০টার দিকে নির্ধারিত পোশাক বা পরিচয়পত্র ছাড়াই উচ্চমাধ্যমিক ভবনের দোতলায় উঠছিলেন। এ সময় কমিটির সদস্য শিক্ষক আবদুল আলিম এবং হাফিজ আহম্মেদ তাঁকে আটকান। তখন শাওন ওই শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং ধাক্কা দিয়ে আবদুল আলিমকে মেঝেতে ফেলে দেন।
এই দৃশ্য দেখে কলেজের শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হন। এ সময় শাওনকে আটক করে শিক্ষকদের কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে শাওন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। এরপর কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের রোষানল এড়াতে একজন পিয়নের সহযোগিতায় তাঁকে ক্যাম্পাসের বাইরে দিয়ে আসে। কিন্তু শাওন সকাল সাড়ে ১০টার দিকে বহিরাগত ১০-১৫ জনকে সঙ্গে নিয়ে কলেজে প্রবেশ করেন। তাঁরা কলেজের স্নাতক ভবনের ২০২ নম্বর কক্ষে গিয়ে পাঠদানরত ইসলামের ইতিহাসের শিক্ষক আবদুল আলিমের ওপর চড়াও হন। শিক্ষার্থীদের সামনেই তাঁকে বেঞ্চের পায়া এবং রড দিয়ে পেটানো হয়। মেঝেতে লুটিয়ে পড়লে আলিমকে এলোপাতাড়ি কিল-ঘুষি-লাথি মারা হয়। তাঁকে রক্ষা করতে গিয়ে বাংলা বিভাগের শিক্ষক হাফিজ আহম্মেদ শারীরিকভাবে লাঞ্ছিত হন। পরে হামলাকারীরা একই ভবনের তৃতীয় তলায় ব্যবস্থাপনা বিভাগের কয়েকটি কক্ষে ভাঙচুর চালিয়ে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।
মুলাদী কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মো. জাকির হোসেন বলেন, ঘটনার প্রতিবাদে পরিষদ গতকাল বেলা তিনটা পর্যন্ত ক্লাস বর্জন কর্মসূচি পালন করে। এ ছাড়া অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। তা না হলে কঠোর আন্দোলনে যাবেন তাঁরা।
মুলাদী থানা-পুলিশের ওসি মতিউর রহমান বলেন, শাওনসহ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।