'ছাত্রলীগ নেতার' হামলায় চার বিদ্যুৎ কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে গত বৃহস্পতিবার রাতে লাঠিসোঁটা ও রডের আঘাতে পল্লী বিদ্যুৎ সমিতির চার কর্মী আহত হয়েছেন। সমিতির কর্মকর্তাদের অভিযোগ, ছোট মহেশখালী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রিয়ানুল ইসলামের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহেশখালী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবুল বাশার শামছুদ্দিন আহাম্মদ বলেন, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের খবর পেয়ে বৃহস্পতিবার রাতে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণকুল এলাকার বাসিন্দা রিয়ানুল ইসলামের বাড়িতে সমিতির কর্মীরা অভিযান চালান। এ সময় ওই বাড়িতে অবৈধভাবে মিটার এড়িয়ে ব্যাটারিচালিত চারটি টমটম গাড়ির ব্যাটারিতে চার্জ দিতে দেখা যায়। পরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে রিয়ানুল তাঁর লোকজন নিয়ে সমিতির কর্মীদের ওপর হামলা চালান। এ সময় হামলাকারীদের লাঠি ও রডের আঘাতে জুনিয়র প্রকৌশলী গোপাল চক্রবর্তী (৩৮), লাইনম্যান মফিজুল ইসলাম (৩৪), মহসিন হাবিব (১৯) ও অজয় দাশ (১৮) আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় গতকাল শুক্রবার গোপাল চক্রবর্তী বাদী হয়ে রিয়ানুল ইসলামসহ অজ্ঞাতনামা তিন-চারজনের বিরুদ্ধে মহেশখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

হামলার অভিযোগ ভিত্তিহীন দাবি করে রিয়ানুল ইসলাম বলেন, ‘দুই বছর আগে বিদ্যুতের খুঁটি স্থানান্তরের নামে আমার চাচাতো ভাইয়ের কাছ থেকে প্রকৌশলী গোপাল ১৫ হাজার টাকা ঘুষ নেন। পরে বিষয়টি জানাজানি হলে গোপাল টাকা ফেরত দেন। এরপর পল্লী বিদ্যুৎ অফিসের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় তাঁরা আমার ওপর ক্ষিপ্ত হন।’ তিনি বলেন, এসব ঘটনার জের ধরে কোনো কারণ ছাড়াই গোপাল তাঁর বাড়ি গিয়ে বিদ্যুতের মিটার নিয়ে যান।

রিয়ানুল ইসলাম বলেন, ‘আমি কোনো দিন অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করিনি এবং নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছি।’

ঘুষ নেওয়ার অভিযোগ ভিত্তিহীন দাবি করে গোপাল চক্রবর্তী বলেন, প্রকৃত ঘটনা আড়াল করতে ছাত্রলীগের ওই নেতা তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত (ওসি) সাইকুল আহম্মেদ ভূঁইয়া বলেন, তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।