'ছাত্রলীগের' দুই পক্ষের সংঘর্ষে আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারুকলা ইনস্টিটিউটে গতকাল দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষের সময় ছাত্রাবাসের জানালার কাচ ভাঙচুর করা হয় l ছবি: প্রথম আলো
চারুকলা ইনস্টিটিউটে গতকাল দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষের সময় ছাত্রাবাসের জানালার কাচ ভাঙচুর করা হয় l ছবি: প্রথম আলো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে গতকাল মঙ্গলবার দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
ইনস্টিটিউট সূত্র জানায়, সংঘর্ষে জড়িয়ে পড়া দুটি পক্ষই ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলমগীর টিপুর অনুসারী।
চারুকলা ইনস্টিটিউট চট্টগ্রাম নগরের মেহেদীবাগের বাদশা মিয়া সড়কে অবস্থিত।
আহত ব্যক্তিরা হলেন ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের এস এম আল মাহমুদ এবং দ্বিতীয় বর্ষের ফয়সাল চৌধুরী ও মো. ইব্রাহিম। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চারুকলা ইনস্টিটিউট সূত্রের ভাষ্যমতে, ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ শিল্পী রশিদ চৌধুরী ছাত্রাবাসের দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল বিকেলে ওই দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় লাঠিসোঁটার আঘাতে একপক্ষের তিনজন আহত হন। এ খবর পেয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থানরত ওই পক্ষের লোকজন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ছাত্রাবাসে এসে কয়েকটি কক্ষে ভাঙচুর চালান।
শিল্পী রশিদ চৌধুরী ছাত্রাবাসের ওয়ার্ডেন (তত্ত্বাবধায়ক) জাহেদ আলী চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ছাত্রদের দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছি। কী কারণে ঝামেলা, তা এখনো বুঝতে পারছি না।’ তিনি বলেন, ‘আপাতত আজ (গতকাল) রাতের জন্য ছাত্রদের হল ছেড়ে যেতে বলা হয়েছে। বুধবার (আজ) বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে করণীয় নির্ধারণ করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক ও শিল্পী রশিদ চৌধুরী ছাত্রাবাসের ওয়ার্ডেনকে ঘটনাটি নিয়ন্ত্রণে আনার দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি নজরে রাখতে স্থানীয় থানার পুলিশকে অনুরোধ করা হয়েছে।
ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলমগীর টিপু বলেন, ‘সংঘর্ষে জড়িত ব্যক্তিরা ছাত্রলীগের কেউ না। তাঁদের আমি চিনি না।’