'ছাত্রলীগ' নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় কথিত ‘ছাত্রলীগের নেতা’ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) এক সহকারী প্রকৌশলীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
সিঙ্গাইর পবিস ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলা পবিসের জোনাল কার্যালয়ে যান জাহাঙ্গীর আলম। এরপর তিনি সহকারী প্রকৌশলী রবিউল ইসলামের অফিসকক্ষে ঢুকে নিজেকে ছাত্রলীগের নেতা পরিচয় দেন। পরে তিনি স্থানীয় কয়েকটি বাড়িতে বৈদ্যুতিক মিটার স্থাপনের বিষয়ে রবিউলকে চাপ দেন। এ সময় তিনি (রবিউল) উপজেলার বাস্তা অভিযোগকেন্দ্রে যোগাযোগ করতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে সহকারী প্রকৌশলীকে লাঞ্ছিত করেন। পরে সেখানে উপস্থিত লোকজন ‘ছাত্রলীগ নেতাকে’ নিবৃত করেন। এরপর তিনি চলে যান।
উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক লিয়াকত আলী জানান, এ ঘটনায় বুধবার রাতে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে জাহাঙ্গীরের সঙ্গে কথা বলতে একাধিকবার তাঁর মুঠোফোনে চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। উপজেলা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন জানান, দলের সঙ্গে তাঁর (জাহাঙ্গীর) কোনো সম্পৃক্ততা নেই।
সিঙ্গাইর থানার ওসি সৈয়দুজ্জামান জানান, এ ঘটনায় উপজেলা পবিস কার্যালয়ের পক্ষ থেকে জাহাঙ্গীর আলমকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।