‘ছিনতাইকারী’ বলে এক যুবককে দিনদুপুরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁর মাকেও মারধর করে হামলাকারীরা।
গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রিছাল পাঠান (২৪)। তিনি শহরের কান্দিপাড়া মহল্লার ঠিকাদার ইয়াছিন পাঠানের ছেলে।
অভিযোগ পাওয়া গেছে, পূর্বশত্রুতার জের ধরে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তাঁর লোকজন নিয়ে রিছালকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছেন। ঘটনার পর থেকে রফিক পলাতক।
ইয়াছিন ও রফিক প্রতিবেশী। দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এলাকাবাসী বলছেন, ওই বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
কয়েকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের হকার্স মার্কেটের সামনে ২০-২২ জনের একটি দল রিছালের ওপর হামলা চালায়। এতে নেতৃত্ব দেন আওয়ামী লীগের নেতা রফিক। হামলাকারী কয়েকজনের হাতে ধারালো অস্ত্র ছিল। তারা ‘ছিনতাইকারী’ বলে রিছালকে পেটাতে ও কোপাতে থাকে। পরে তারাই একটি ভ্যানে করে রিছালকে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি তেমন কিছু করতেন না।
রিছালের বাবা ইয়াছিন অভিযোগ করেন, পূর্বশত্রুতার কারণে আওয়ামী লীগের নেতা রফিক ও তাঁর লোকজন রিছালকে ছিনতাইকারী বলে পিটুনি দেয়। এখন তারা দলীয় প্রভাবে এটাকে গণপিটুনি হিসেবে প্রতিষ্ঠা করার অপচেষ্টা চালাচ্ছে।
ঘটনার বর্ণনা দিয়ে রিছালের মা রহিমা বেগম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘তাৎক্ষণিক লোক মারফত খবর পেয়েই আমি ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে রফিক ও তার সহযোগী হেলাল, বাপ্পা, নিয়াজসহ কয়েকজন আমার ছেলেকে নির্মমভাবে পেটাতে ও কোপাতে থাকে। আমি রফিকের কাছে ছেলের প্রাণ ভিক্ষা চাই। কিন্তু তারা আমার কথা শোনেনি। আমি ছেলেকে বাঁচাতে জড়িয়ে ধরলে তারা আমাকেও মারধর করে।’
রহিমার অভিযোগ, হাসপাতালেও রফিক ও তাঁর সহযোগীরা রিছালের সামনে তাঁকে যেতে দেয়নি। হাসপাতালে তাঁর ছেলেকে চিকিৎসা ছাড়াই ফেলে রাখা হয়।
গতকাল ঘটনাস্থলে গেলে হকার্স মার্কেটের একাধিক ব্যবসায়ী ও কয়েকজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, রিছালকে পেটানোর একপর্যায়ে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। এর আগে তিনি ‘পানি, পানি’ করেন। কিন্তু হামলাকারীরা তাঁকে পানি না দিয়ে তাঁর মুখে প্রস্রাব করে দেয়। তাঁরা জানান, হামলাকারীরা রিছালের মাকেও পিটিয়েছে। পরে তারাই আবার ভ্যানে তুলে হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, রিছালকে হাসপাতালে আনার পর সার্জারি ওয়ার্ডের মেঝেতে ফেলে রাখা হয়। সেখানে তাঁকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। চিকিৎসার অভাবে তিনি একসময় মৃত্যুর কোলে ঢলে পড়েন।
জানতে চাইলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাখাওয়াত হোসেন গতকাল কোনো সুস্পষ্ট বক্তব্য না দিয়ে বলেন, চিকিৎসা করার সময় রিছালের স্বজনদের কাউকে দেখা যায়নি।
সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ জানান, রাতে হাসপাতাল থেকে খবর পাওয়ার পর পুলিশ সেখানে গিয়ে রিছালের লাশ উদ্ধার ও সুরতহাল করে। কে বা কারা তাঁকে হাসপাতালে রেখে গেছে এবং কারা তাঁকে মেরেছে এসবের কিছুই জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। সকালে লাশের ময়নাতদন্ত করা হয়। রিছালের বিরুদ্ধে আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটানোসহ দুটো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
লাশের সুরতহালকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের বলেন, রিছালের কপাল, মুখ, দুই হাত ও ডান পায়ের গোড়ালিতে কোপের চিহ্ন রয়েছে।
গত রাতে আওয়ামী লীগের নেতা রফিকের বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। বাড়িতে পুলিশ পাহারা দেখা গেছে। এ সময় পুলিশের বিশেষ শাখার এসআই জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিশৃঙ্খলা এড়াতে বিকেল থেকে ওই বাড়িতে পাহারা দিচ্ছেন।
এদিকে রফিকের মুঠোফোনও বন্ধ। তাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এএসপি তাপস রঞ্জন ঘোষ জানান, এ ঘটনায় নিহত রিছালের পরিবারের পক্ষ থেকে রফিকুল ইসলামকে প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।