'ছুরি বের করে দেওয়া' সেই যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে মো. আসিফ ওরফে কসাই লেদু নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নগরের ২ নম্বর গেটের আল ফালাহ গলি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের দিন আসিফ মামলার প্রধান আসামি ইব্রাহিম সোহানকে ব্যাগ থেকে ছুরি বের করে দেন। আসিফ ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। ঘটনার দিন তিনি সোহানের সঙ্গে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাসে যান। ওসি জানান, হত্যাকাণ্ডের ঘটনার পর একটি ভিডিও ফুটেজ উদ্ধার করা হয়। ওই ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি ব্যাগ থেকে ছুরি বের করে দিচ্ছেন। সেই যুবকের সঙ্গে গ্রেপ্তার আসিফের চেহারার মিল আছে। মামলা করার সময় তাঁর পরিচয় না জানায় এজাহারে নাম উল্লেখ করা যায়নি।
হত্যাকাণ্ডের ঘটনায় এক ব্যক্তি গ্রেপ্তার হওয়ায় সন্তোষ প্রকাশ করেন মামলার বাদী ও নিহত নাসিমের বাবা আবু তাহের।
এমবিএর ছাত্র নাসিম চট্টগ্রাম নগর ছাত্রলীগের সদস্য ছিলেন। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
গত ২৯ মার্চ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএর ২৩তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে বিরোধের জের ধরে খুন করা হয় নাসিম আহমেদকে। বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। ঘটনার পরদিন নাসিমের বাবা হত্যা মামলা করেন।
পুলিশ জানায়, ঘটনার পর গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে জামিনে মুক্তি পেয়েছেন চারজন।