'ছেলের দায়ের কোপে' আহত নারীর মৃত্যু
ফেনীর ছাগলনাইয়ায় ধারালো অস্ত্রের আঘাতে আহত জাহানারা বেগম (৪৫) নামের এক নারী গত বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
উপজেলার মহামায়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম বলেন, মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামের আরিফুল ইসলাম (১৯) গত সোমবার বিকেলে মা জাহানারা বেগমের কাছে নেশা করার জন্য টাকা দাবি করে। কিন্তু মা জাহানারা বেগম টাকা দিতে অস্বীকার করেন। এতে আরিফ ক্ষিপ্ত হয়ে দা দিয়ে মাকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় বাড়ির লোকজন জাহানারাকে উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাঁকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত মঙ্গলবার বিকেলে জাহানারাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার মধ্যরাতে তিনি সেখানে মারা যান।
স্থানীয় সূত্র জানায়, মায়ের মৃত্যুর সংবাদ শোনার পর ছেলে আরিফুল পালিয়ে গেছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, জাহানারা বেগমের মৃত্যুর খবর তাঁকে চট্টগ্রামের পাঁচলাইশ থানা থেকে জানানো হয়েছে।