'জঙ্গি আস্তানায়' অভিযান শেষ, বিস্ফোরক উদ্ধার
রাজধানীর মিরপুরের মাজার রোডে গত সোমবার থেকে চলা র্যাবের অভিযান গতকাল শুক্রবার বিকেলে শেষ হয়েছে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত বোমা, অস্ত্র ও গোলাবারুদ সরিয়ে নেওয়ার পর ‘কমল প্রভা’সহ আশপাশের ভবনের বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছেন।
গতকাল বিকেল চারটার দিকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সংবাদমাধ্যমকে অভিযানের সমাপ্তির কথা জানান। তিনি বলেন, অভিযানে জঙ্গি আস্তানায় তিন ধরনের ১৭টি শক্তিশালী বোমা পাওয়া গেছে। এ ছাড়া ৩০টি হ্যান্ড গ্রেনেড, কেমিক্যালমিশ্রিত ৫০টি বোতল, ১ কনটেইনার অ্যাসিড, ১০ কেজি গানপাউডার, ৩ কেজি সালফার, ৮ থেকে ১০টি কনটেইনারে দাহ্য পদার্থ ও ১০০টি ধারালো দেশি অস্ত্র উদ্ধার হয়েছে। তা ছাড়া বাড়ির ভেতরে যে ২৩টি ফ্রিজ ছিল, সেগুলোর মধ্যে ২টির সঙ্গে ইম্প্রোভাইজড বোমার সংযোগ ছিল।
ভবনের মালিক হাবিবুল্লাহ বাহার আজাদকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানান র্যাব-৪-এর অধিনায়ক খন্দকার লুৎফুল কবির। জঙ্গিবাদের সঙ্গে তাঁর সম্পৃক্ততা কতটুকু, তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি। হাবিবুল্লাহর সম্পৃক্ততা সম্পর্কে এক প্রশ্নের জবাবে র্যাব-৪-এর অধিনায়ক বলেন, বাড়িটিতে বেশ কিছু লোককে তিনি আশ্রয় দিয়েছেন।
গত ২৮ এপ্রিল সাভার মডেল থানায় দায়ের করা মামলায় কমল প্রভা বাড়ির মালিক ও নিরাপত্তাপ্রহরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল পর্যন্ত কেউ লাশগুলো শনাক্ত বা গ্রহণ করতে আসেননি। তা ছাড়া ডিএনএ প্রোফাইলিং না করে লাশগুলোর পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না বলেও উল্লেখ করেন খন্দকার লুৎফুল কবির।
৩৪ বছর ধরে দারুস সালামে আছেন এমন এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, গতকাল সকালের দিকে আত্মঘাতী জঙ্গি আবদুল্লাহর এক ভাই এসেছিলেন। বেশ কিছুক্ষণ তিনি অপেক্ষা করে চলে গেছেন। কমল প্রভা ও এর আশপাশের ভবনের বাসিন্দাদের মতো ওই ব্যক্তিকেও কিছুটা হতবিহ্বল দেখাচ্ছিল। দারুস সালাম থানার ঠিক উল্টো পাশে ছোট্ট একটি গলির ভেতর এত বছর ধরে একটি জঙ্গি আস্তানা কীভাবে টিকে থাকল, তা নিয়ে এলাকার লোকজনের মতো তাঁরও প্রশ্ন।
জানতে চাইলে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান বলেন, কমল প্রভা ভবনের মালিক হাবিবুল্লাহ বাহার আজাদ ভাড়াটে তথ্য ফরম জমা দিয়েছিলেন। কিন্তু ওই ফরমে আবদুল্লাহর ছবি ছিল না। ত্রুটিপূর্ণ ফরম তাঁরা আগে খেয়াল করেছিলেন কি না—এমন প্রশ্নে বলেন, এক মালিক একসঙ্গে অনেক ফরম দিয়ে যান। কোনো কোনোটিতে ত্রুটি থাকতে পারে।
গতকাল বিকেলের দিকে কমল প্রভার উল্টো দিকের ভবনের এক নারী নিজের বাসায় ফেরার অপেক্ষা করছিলেন। তিনিও একসময় কমল প্রভাতেই থাকতেন। তাঁর পাশের ইউনিটে দুই স্ত্রীকে নিয়ে থাকতেন আবদুল্লাহ। ওই নারী প্রথম আলোকে বলেন, আবদুল্লাহর স্ত্রীদের মুখ দেখা যেত না। তাঁরা কখনো মুখ দেখাতেন না। প্রথমে আবদুল্লাহ তাঁর প্রথম স্ত্রী ও এক সন্তান নিয়ে থাকতেন। বছর চারেক আগে দ্বিতীয় দফা বিয়ে করেন তিনি। তাঁরা আশপাশের লোকজনের সঙ্গেও মেলামেশা করতেন না।
এর আগে সোমবার টাঙ্গাইলের এলেঙ্গায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ‘জেএমবির জঙ্গি’ দুই ভাইকে ড্রোন, দেশি অস্ত্রসহ আটকের পর তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন মধ্যরাতে মিরপুরের বাড়িতে অভিযান শুরু করে র্যাব।