গুলশানের রেস্তোরাঁয় হামলাকারী জঙ্গিরা অ্যাপে বাংলায় কাউকে বলেছে, তাঁদের (জিম্মিদের) মেরে ফেলা হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম তাঁর কার্যালয়ে সাংবাদিকেদের এ সব কথা বলেন। তিনি বলেন, ওই দিনের জিম্মি উদ্ধার অভিযানে উদ্ধার হওয়া এক জিম্মি পুলিশকে এসব কথা জানিয়েছেন।
গত শুক্রবার রাতে গুলশানের ওই রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় ২০ জন নিহত হন। এর মধ্যে ১৭ জন বিদেশি ও তিনজন বাংলাদেশি।
কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারী জঙ্গিরা হামলার পরই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে অন্যর সঙ্গে কথা বলেছিলেন। হত্যাকাণ্ড শেষে একটি কল করা হয়েছিল। জঙ্গিরা কাউকে বাংলায় বলেছে যে, তাঁদের (জিম্মিদের) মেরে ফেলে হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, জিম্মি দশা থেকে উদ্ধার হওয়া সেই ব্যক্তির বক্তব্য যাচাই-বাছাই করা হচ্ছে। কোন অ্যাপ ব্যবহার করা হয়েছে, তা–ও যাচাই করা হচ্ছে।