'জমি ছাড়, নয় মার খা'
মৃত্যুর আগে স্ত্রী পারুল বেগম ও দুই ছেলের নামে নিজের জমিটুকু লিখে দিয়ে যান কামরুল হাসান। এ জমিই এখন কাল হয়েছে তাঁদের। জমি ধরে রাখতে পারুলকে সইতে হচ্ছে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন। তিনি এখন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
ঠাকুরগাঁও সদর উপজেলার ভাউলার হাট এলাকার পদমপুর গ্রামের পারুলের (২৩) স্বামী কামরুল হাসান (৩৬) গত জানুয়ারিতে মারা যান।
পারুল বলেন, স্বামী মারা যাওয়ার আগে তাঁকে, তাঁর আট ও দুই বছর বয়সী দুই ছেলের নামে বসতভিটার আট শতক ও দোকানঘরের চার শতক জমি দলিল করে দেন। এরপর তাঁর শাশুড়ি নুরজাহান বেগম, দুই দেবর রকিবুল ইসলাম ও জাহাঙ্গীর আলম তাঁকে বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যেতে বলেন। কিন্তু পারুল যেতে রাজি হননি। ১৫ আগস্ট নুরজাহান আবারও পারুলকে বাড়ি ছেড়ে দিতে বলেন। রাজি না হওয়ায় তিনি ছেলে ও ছেলের বউদের সঙ্গে নিয়ে পারুলকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। বাধা দিলে রকিবুল তাঁর মাথায় তালা দিয়ে আঘাত করেন। তাঁর দুই জা-ও ইট দিয়ে তাঁকে আঘাত করেন। বলেন, ‘জমি ছাড়, নয় মার খা।’ মারধরের পর স্থানীয় লোকজন পারুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
পারুল বলেন, ‘পরদিন বাড়িতে ফিরে দেখি ঘরভর্তি লাকড়ি। এর প্রতিবাদ করলে শ্বশুরবাড়ির লোকজন দুই হাত বেঁধে লাঠি দিয়ে মারধর শুরু করলে সংজ্ঞা হারিয়ে ফেলি। সংজ্ঞা ফিরে এলে নিজেকে হাসপাতালে দেখতে পাই।’
গতকাল সোমবার হাসপাতালে গিয়ে দেখা যায়, বক্ষব্যাধি ইউনিটের শয্যায় শুয়ে আছেন পারুল। পাশে তাঁর মা মহেদা বেগম। পারুলের বাবা লুৎফর রহমান বলেন, মারধরের খবর পেয়ে তিনি ও তাঁর কয়েকজন আত্মীয় পারুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
লুৎফর রহমান বলেন, ‘পরিবারকে না জানিয়ে ২০০৬ সালে পারুলকে বিয়ে করেন কামরুল। এ কারণে শ্বশুরবাড়ির লোকজন পারুলকে মেনে নিতে পারেনি। তারা সব সময় পারুলকে নির্যাতন করত। এখন তারা আমাকে মামলা না করতে ভয়ভীতি দেখাচ্ছে।’
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুল জব্বার বলেন, পারুল মাথা, চোখ ও শরীরের বিভিন্ন অংশে প্রচণ্ড আঘাত পেয়েছেন।
বাংলাদেশ মহিলা পরিষদের ঠাকুরগাঁও শাখার সাধারণ সম্পাদক সুচরিতা দেব বলেন, ‘আমরা পারুলের পাশে আছি। মহিলা পরিষদ থেকে তাঁকে সহযোগিতা করা হবে।’
পারুলের দেবর জাহাঙ্গীর আলম বলেন, ‘একটু ভুল-বোঝাবুঝির কারণে এমন ঘটেছে। এটা পারিবারিক বিষয়। আমরা নিজেরাই বসে সমাধান করে নেব।’
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, মামলা হলে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।