'জাগো বাহে, কোনঠে সবায়?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু বগুড়ায় নয়, ক্ষোভ ছড়িয়েছে সারা দেশে। মানুষের মনে মনে। বগুড়ায় ছাত্রী ধর্ষণ ও নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন বিক্ষুব্ধ মানুষ। তাঁদের একজন আরাফাত। তিনি ক্ষোভে লিখেছেন, ‘জাগো বাহে, কোনঠে সবায়?’

১৭ জুলাই বাড়ি থেকে ক্যাডার দিয়ে তুলে নিয়ে এক কিশোরী ছাত্রীকে ধর্ষণ করেন বগুড়া শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকার। ঘটনা ধামাচাপা দিতে দলীয় ক্যাডার ও এক নারী কাউন্সিলরকে ধর্ষণের শিকার মেয়েটির পেছনে লেলিয়ে দেন। গত শুক্রবার বিকেলে তাঁরা ওই কিশোরী ও তার মাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে চার ঘণ্টা ধরে নির্যাতন চালান। পরে দুজনের মাথা ন্যাড়া করে দেন। বর্বর এই ঘটনার খবর গতকাল রোববার প্রথম আলোর প্রথম পাতায় গুরুত্ব দিয়ে ছাপা হয়।

‘ক্যাডার দিয়ে তুলে নিয়ে ছাত্রী ধর্ষণ’ শিরোনামের খবরটি পাঠকের বিবেক নাড়িয়ে দেয়। অনলাইন সংস্করণে খবরের নিচে পাঠকের ক্ষোভ, হতাশা ও নিন্দার পাহাড় জমে। গতকাল প্রথম আলোর অনলাইন সংস্করণের সর্বাধিক আলোচিত ও পঠিত খবর ছিল এটি। খবরে পাঠকের কয়েক শ মন্তব্য-পাল্টা মন্তব্য পড়ে। তার মধ্যে প্রায় আড়াই শ মন্তব্য নীতিমালা মেনে প্রকাশ করা হয়। পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে দিনভর প্রকাশিত একাধিক খবরেও পাঠকের মন্তব্য প্রদান অব্যাহত ছিল।

আসামিদের বর্বরতার বিবরণ পড়ে অনেক পাঠক হতবাক হয়েছেন। সুলতান আহমেদ নামের এক পাঠক লিখেছেন, ‘এদের ঘৃণা করতেও ঘৃণা হয়।’

খান সাব্বির এনামের প্রশ্ন, ‘আমরা কি মধ্যযুগে বাস করছি?’

ঘটনাটি মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায় বলে মন্তব্য করেছেন এম এ জব্বার।

সূর্য নামের এক পাঠক লিখেছেন, ‘প্রথমে প্রচণ্ড অন্ধ আক্রোশে রক্ত টগবগ করে ফুটে ওঠে। পরে খুব জলদি চুপসে যাই, সীমাহীন সীমাবদ্ধতা ও অসহায়ত্ব উপলব্ধি করে। এসব ঘটনা ঘটতেই থাকবে, আমরা সহ্য করেই যাব? বগুড়ার মানুষ জেগে উঠছে না কেন?’

বগুড়ার এই ঘটনার জন্য রাজনীতিকে দায়ী করেছেন অনেক পাঠক। মুসার মন্তব্য, ‘এরা আমাদের রাজনৈতিক ব্যবস্থার সন্তান। সরকারি দলে যখন থাকে, তখন ক্ষমতার দম্ভে ধরাকে সরা জ্ঞান করে। মনে করে, তাদের তথাকথিত বড় ভাই সমস্ত ন্যায়-অন্যায় থেকে তাদের বাঁচাবে। এরা যদি রাজনীতি না করত, তাহলে এত বড় দুঃসাহস পেত না। তাই আমি মনে করি, দলমত-নির্বিশেষে সকল রাজনৈতিককে কোনো পদ দেওয়ার আগে নৈতিক শিক্ষার ব্যবস্থা রাখতে হবে। বিশেষ করে যখন যে দল ক্ষমতায় থাকবে, তাদের নেতাদের জন্য করা উচিত।’

আবদুল্লাহ আল-মামুন লিখেছেন, ‘অপকর্ম এদের পেশা। অপকর্ম করতেই এরা রাজনীতিকে বেছে নেয়।’

জনি মাসুদ লিখেছেন, ‘যাঁরা তুফান সরকারের মতো ব্যক্তিকে সহযোগী সংগঠনের শীর্ষ পদ দেন, এ ঘটনার জন্য তাঁরাও কম দায়ী নন।’

আক্কাস আলী লিখেছেন, ‘ক্ষমতাসীন দলের নেতারা প্রতিটি বক্তৃতা-বিবৃতিতে উন্নয়নের গল্প বলে। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা যদি না থাকে, যদি তারা ইজ্জত-সম্মান নিয়ে জীবন ধারণ না করতে পারে, তাহলে এই উন্নয়নে লাভ কী?’

সরকার বা সরকারি দলের সমালোচনা কাম্য নয় বলে অভিমত রুপমের। তিনি লিখেছেন, ‘এখানে একটি কথা উল্লেখ না করলেই নয় যে এই অপরাধের ঘটনা নিয়ে অনেকেই সরকারবিরোধী মন্তব্য লিখেছেন। কিন্তু তারা বুঝতেই চাননি যে তাদের মন্তব্য করার পূর্বেই এই অপরাধীরা আটক হয়েছে। তাদের আইনি প্রক্রিয়া চলছে। সুতরাং সমালোচনার জন্য সমালোচনা নয়, বরং প্রশাসনের দায়িত্বশীল কাজকে প্রশংসিত করুন।’

ঘটনার জন্য বিচারহীনতাকে দায়ী করে মন্তব্য করেছেন রবিউল ইসলাম। এ প্রসঙ্গে মাহমুদ লিখেছেন, ‘ছোট ছোট অন্যায় করার পর যখন দেখে, ক্ষমতায় থাকার কারণে কেউ কিছু বলে না, তারপরই না আরও বড় অন্যায় করার সাহস পায়। এত দিন ধরে করে চলা ছোট অন্যায়ের বিচার হলে আজ এত বড় অন্যায় করার সাহস পেত না। অন্যায় করছে জানার পরও যারা তাকে আগলে রেখেছে, তারাও সম-অপরাধী।’

মাহফুজা বুলবুল লিখেছেন, ‘এরা যখন আইনের চোখে নিকৃষ্ট কাজটি করে, তখনো তাদের বিন্দুমাত্র দ্বিধা হয় না, বুক কাঁপে না। কারণ একটাই, ওরা জানে শত অপরাধেও ওদের মিলবে রাষ্ট্রীয় ক্ষমা। তাই নিজেদের স্বার্থে দেশটাকে নরকে পরিণত করতেও এরা পিছপা হয় না।’

বাবু লিখেছেন, ‘তুফানকে নিয়ে ক্ষমতার অলিন্দে আর চায়ের কাপে তুফান উঠবে। আর তা আবার বিলীন হয়ে যাবে। জামিন পেয়ে তুফান বাইরে এসে বজ্রবিদ্যুৎসহ তুফানে পরিণত হয়ে মা-মেয়েকে আছড়ে ফেলবে আবার।’

তুফানসহ সব আসামির দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন পাঠকেরা। আহাম্মেদ বাবুল লিখেছেন, ‘এই জানোয়ার ও তাঁর সহযোগীদের চরম ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

তুফান সরকারের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি তাঁর সব সম্পদ বাজেয়াপ্ত করে তা ভুক্তভোগীদের দেওয়ার আহ্বান আমিনুর রহমান আল আমিনের।

সাজ্জাদ হোসেন লিখেছেন, এখন এদের এমন শাস্তি দেওয়া উচিত, যেন কেউ এ রকম কাজ করার সাহস না পায়।

অনেক পাঠক ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন। লুৎফর রহমান লিখেছেন, এদের শাস্তি অবশ্যই মৃত্যুদণ্ড হওয়া উচিত।

আসামিদের বিচার ও শাস্তি হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেক পাঠক। সাজ্জাদ হোসেন লিখেছেন, ‘এদের কিছু হবে না, এটা আমি বলে দিলাম। কারণটা বলতে হবে না, যারা বাংলাদেশে থাকে, তারা বুঝে গেছে।’

শাহিন ইসলামের মন্তব্য, ক্ষমতার প্রভাবে এরা ঠিকই ছাড়া পেয়ে যাবে।

জয়নাল আবেদীন লিখেছেন, ‘মা ও মেয়ের জন্য দুঃখ হয়! কিন্তু তার থেকে বেশি কষ্ট হয় তখন, যখন ভাবি, এসব জালেমের শাস্তি বাংলার জমিনে হবে না!’

রাসেল লিখেছেন, ‘বিচার চেয়ে জানি না কতটুকু বিচার পাবে। যদি উপযুক্ত বিচার আগেরগুলোর হতো, তাহলে এমন ঘটনার পুনরাবৃত্তি হতো না।’

ইমরুল লিখেছেন, ‘বিচার হলেই কি হবে? পরে ঠিকই ক্ষমা পেয়ে যাবে।’

সোহেল এস পারভেজ লিখেছেন, এদের বিচার হতেই হবে, নাইলে বাংলাদেশ রাষ্ট্র পরাজিত হবে।

আবদুস শহীদ মাহমুদ লিখেছেন, ‘কী শাস্তি দেয়, দেখার অপেক্ষায় থাকছে জনগণ। শুধু দল থেকে বহিষ্কার কোনো শাস্তি নয়। উচ্চ আদালত বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিলে খুশি হব। জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিক্রিয়া কী?’

হাসান চৌধুরী আক্ষেপ করে লিখেছেন, ‘আমার কি বারবার পরাজিত হব? তুফানের মতো সমাজের কীটদের কি শাস্তি দেওয়ার মতো কেউ নেই?’

গ্রন্থনা: সাইফুল সামিন

[মন্তব্যকারীদের মন্তব্যে বানান, ব্যাকরণ ও ভাষারীতিগত পরিমার্জন আনা হয়েছে]