'জিনের বাদশাহ'র ৪ সদস্য গ্রেপ্তার
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে ‘জিনের বাদশাহ’ নামের একটি প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। চক্রটি ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল।
গতকাল রোববার রাজধানীতে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে সিআইডির কর্মকর্তারা বলেন, এই চক্রকে কোনো কোনো ক্ষমতাশালী ব্যক্তি প্রতিপালন করে থাকেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. আশরাফুল মণ্ডল (৩৫), মো. মাহফুজ গেবু (১৮), মো. আবু জাহিদ সিদ্দিকী ওরফে জাহিদ (৩৩) ও মো. তাহাজ উদ্দিন।
সিআইডির উপমহাপরিদর্শক রওশন আরা সংবাদ সম্মেলনে বলেন, প্রতারক চক্রটি আটটি মুঠোফোন নম্বর থেকে এক দম্পতির কাছ থেকে কয়েক দফায় ২২ লাখ ৮১ হাজার টাকা হাতিয়ে নেয়। গত ১০ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত প্রতারক চক্রের সদস্যরা মুঠোফোনে ওই দম্পতিকে প্রলোভন ও ভয়ভীতি দেখান। ওই দম্পতি কখনো প্রতারক চক্র যেখানে বলেছে সেখানে গিয়ে, আবার কখনো বিকাশের মাধ্যমে টাকা পাঠান। তাঁরা চক্রটিকে স্বর্ণালংকারও তুলে দেন। ৮ সেপ্টেম্বর এ-সংক্রান্ত মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়। পরে সিআইডির একটি দল গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে প্রতারক চক্রটিকে গ্রেপ্তার করে। চক্রটি একটি গাড়ি ব্যবহার করছিল। সিআইডি সেই গাড়িও উদ্ধার করে।
সিআইডি বলেছে, যে সিমগুলো ব্যবহার করে ভয়ভীতি দেখানো হয়েছিল, সেগুলো বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা ছিল। এক প্রশ্নের জবাবে রওশন আরা বলেন, তদন্তের সময় তাঁরা মুঠোফোন প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে প্রয়োজনীয় তথ্য পেয়ে থাকেন।
সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহহার আকন্দ বলেন, প্রতারক চক্রটি যে অঞ্চলের, সেই অঞ্চলের বেশ কিছু লোক জঙ্গি কার্যক্রমে যুক্ত। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতারণার অর্থ জঙ্গি কার্যক্রমে ব্যবহার হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ক্ষমতাশালী কোন ব্যক্তি এই চক্রকে প্রতিপালন করছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তের এই পর্যায়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।