'জীবন দিয়ে দিব, তবু স্বামীর ঘরে যাব না'
রংপুরের বদরগঞ্জ উপজেলার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে (১৪) জোর করে বিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, মেয়েটির বাবা রিকশাভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তাঁর আরও দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। মেয়েটি জানায়, অষ্টম শ্রেণিতে পড়ার সময় কিশোরগঞ্জের ভৈরব উপজেলার হারুন অর রশিদ (২৪) নামের এক তরুণ তাকে দেখে বিয়ের প্রস্তাব দেন। তবে সে এতে রাজি হয়নি।
মেয়েটি বলে, ‘এ বছর হারুন আমার ফুফা ও ফুফুর মাধ্যমে বিয়ের ব্যাপারে বাবা-মাকে রাজি করান। এরপর ১১ এপ্রিল দিনাজপুরের পার্বতীপুরে নানার বাড়িতে আমাকে তাঁরা বেড়াতে নিয়ে যান। মধ্যরাতে ঘুম থেকে তুলে ফুফা-ফুফু বলেন, তোর বিয়া হইব। আমি কান্নাকাটি শুরু করলে তাঁরা ভয় দেখিয়ে বলেন, “এই বিয়া না করলে তোর বাবা-মা তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে।” একপর্যায়ে হাতে একটা কলম দিয়ে জোরপূর্বক কাগজে আমার স্বাক্ষর নেন এক ব্যক্তি। এরপর ঘরে এসে আমাকে মৌলভি বলেন কবুল বলতে।’
কান্নাজড়িত কণ্ঠে মেয়েটি আরও বলে, ‘পরদিন বাবা-মায়ের সঙ্গে আমি বাড়িতে চলে আসি। এর পর থেকে ছেলেটি আমাকে নিয়ে যাওয়ার জন্য বারবার আসছে। না যাওয়ায় গালিগালাজ করছে। ঈদের আগের দিন ফুফা-ফুফু রাস্তায় ধরে আমার মা, খালা ও আমাকে মেরেছে।’ মেয়েটি এও বলে, ‘জীবন দিয়ে দিব, তবু স্বামীর ঘরে যাব না। ভাই, আমি পড়তে চাই। শুধু আমার পড়াশোনার দায়িত্বটা আপনারা নেন।’
গতকাল বৃহস্পতিবার হারুন অর রশিদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মেয়েকে আমার পছন্দ হয়েছে। তবে বয়স কম হওয়ায় বিয়ে হয়নি।’ নিজের কর্মস্থল সম্পর্কে হারুন বলেন, ‘কুমিল্লায় একটি প্রতিষ্ঠানে মাস্টাররোলে চাকরি করি।’
মেয়ের বাবা বলেন, ‘বেটি (মেয়ে) পড়া কইরবার চায়। টাকা নাই, পাইসা নাই, পড়াও কী দিয়া। সেই জন্য বিয়াও দিছু। এ্যাতো বুঝাওচি, ওয় (মেয়ে) স্বামীর সাথে তাও যাবার চাওচে না।’
স্থানীয় ইউপির সদস্য উলফাত সরকার বলেন, ‘এখন আর আমাদের করার কিছু নাই।’
বদরগঞ্জের ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘শুনেছি, স্বামীর ঘরে নেওয়ার জন্য মেয়েটিকে নির্যাতন করা হচ্ছে। মেয়েটির অভিভাবককে নোটিশ পাঠানো হয়েছে।’