'জুবায়েরকে পানিতে চুবিয়ে হত্যা করেন আবু ওবায়েদ'
সমকামিতায় ব্যর্থ হয়ে উত্তরার স্কুলছাত্র জুবায়ের আহমেদকে (১৭) আলজেরীয় নাগরিক আবু ওবায়েদ কাদের (৪৬) পানিতে চুবিয়ে হত্যা করেছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ৫ অক্টোবর সকালে উত্তরা ৪ নম্বর সেক্টরে পার্কের পাশের পুকুর থেকে জুবায়েরের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এরপর তার পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দিনই ওবায়েদকে গ্রেপ্তার করে পুলিশ।
নিহত জুবায়েরের পরিবার আবু ওবায়েদ ও ইসমাইল (১৭) নামের দুজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে। গত শুক্রবার ইসমাইলকে গ্রেপ্তার করে ডিবি। ওই মামলায় প্রথম দফা তিন দিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফায় আরও চার দিনের রিমান্ডে ডিবি হেফাজতে রয়েছেন আবু ওবায়েদ।
গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে ডিবির (পশ্চিম) উপকমিশনার শেখ নাজমুল আলম বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে নাজমুল আলম বলেন, জুবায়েরকে হত্যার দৃশ্য দেখেছে ইসমাইল। ইসমাইল জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ৪ অক্টোবর জুবায়ের, আবু ওবায়েদ ও সেসহ কয়েকজন উত্তরা ৪ নম্বর সেক্টরের মাঠে ফুটবল খেলে। খেলা শেষে ওবায়েদ, জুবায়ের ও সে মাঠের পাশে পুকুরের পাড়ে গিয়ে বসে। জুবায়ের তার গায়ের জার্সি খুলে খোলা শরীরে পানিতে নামে। সঙ্গে সঙ্গে ওবায়েদও পানিতে নামেন। পুকুরে নামার পর ওবায়েদ জুবায়েরকে জড়িয়ে ধরে তার সঙ্গে যৌনকর্ম করার চেষ্টা করেন। তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে জুবায়ের মারা যায়। জুবায়েরের মৃত্যু নিশ্চিত হওয়ার পর ওবায়েদ পুকুরের পানিতে লাশ ডুবিয়ে ফেলেন। এরপর ওবায়েদ বিষয়টি কাউকে না জানানোর জন্য তাকে (ইসমাইল) বিভিন্ন ধরনের লোভ দেখান ও হুমকি দেন। পরে তারা যে যার মতো চলে যায়। তিনি জানান, ওবায়েদের মুঠোফোন ও ফেসবুক পাতা থেকেও তাঁর সমকামিতার বিষয়ে বেশ কিছু তথ্য মিলেছে।
উপকমিশনার বলেন, আবু ওবায়েদ ১০ বছর ধরে বাংলাদেশে থাকলেও তাঁর কোনো পাসপোর্ট নেই। পাসপোর্টবিহীন অবস্থায় তিনি কী করে ১০ বছর বাংলাদেশে থাকছেন, জানতে চাইলে নাজমুল আলম বলেন, এগুলো সরকারের কিছু সংস্থা দেখে। আবু ওবায়েদের বিষয়ে ওই সব সংস্থার কাছ থেকে তথ্য চাওয়া হয়েছে।
ওবায়েদ যে আলজেরিয়ার নাগরিক বা তিনি ১০ বছর ধরে বাংলাদেশে আছেন, এসব তথ্য তিনিই ডিবিকে জানিয়েছেন। ওবায়েদের বক্তব্য ছাড়া এসব তথ্য অন্য কোনো মাধ্যমে যাচাই করেনি ডিবি।
এলাকাবাসী জানিয়েছেন, ওবায়েদ ফ্রেঞ্চ ও ইংরেজি ভাষার শিক্ষক এবং ফুটবল কোচ হিসেবে বাংলাদেশে জীবিকা নির্বাহ করছিলেন। এলাকার তরুণ-কিশোরদের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।