'জেএমবি সদস্য' মোক্তারুল চার দিনের রিমান্ডে

জামালপুরের মেলান্দহ থেকে গ্রেপ্তার হওয়া ‘জেএমবি সদস্য’ মোক্তারুল ইসলামকে আজ রোববার টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
র্যাব-১২-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাশ জানান, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মসিন্দা গ্রাম থেকে গত ৫ সেপ্টেম্বর গ্রেপ্তার হন জেএমবি সদস্য মাসুম। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে র্যাবের একটি দল জামালপুরের মেলান্দহ উপজেলায় অভিযান চালিয়ে মো. মোক্তারুলকে গ্রেপ্তার করে। মোক্তারুল ওই উপজেলার চরপলিশা গ্রামের মো. জহুরুল ইসলামের ছেলে।
আজ টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে মোক্তারুলকে হাজির করে সাত দিনের রিমান্ড চায় র্যাব। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
র্যাব সূত্রে জানা গেছে, মোক্তারুল ইসলাম চরপলিশা প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়ার পর মাদ্রাসায় ভর্তি হন। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসায় পড়াশোনা চলাকালে তিনি জেএমবির সঙ্গে জড়িয়ে পড়েন। ২০১৩ সালে তিনি পড়াশোনা অসমাপ্ত রেখে নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়ি জামালপুরে চলে আসেন। বাড়িতে থাকলেও জঙ্গি সদস্যদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। ঢাকার মিরপুর ও টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গাতে জঙ্গিবিরোধী অভিযানের পর মোক্তারুল তাঁদের দলকে পুনরায় সংগঠিত করার উদ্যোগ নেন। ১০ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে সহযোগীদের নিয়ে তিনি বৈঠক করেন। তাঁদের গ্রুপে ৪৬ জন সদস্য রয়েছেন বলে র্যাব জানিয়েছে।