'জ্বালানি খরচ' না পেয়ে এসআইয়ের কাণ্ড
বাড়ির মালিক তাঁর স্বামীকে ‘মারধর’ করেন। প্রতিকারের আশায় থানায় লিখিত অভিযোগ করেন ঢাকার সাভারের ধসে পড়া রানা প্লাজার আহত শ্রমিক রত্না আক্তার। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে এক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে যান। কিন্তু তিনি দাবি করেন গাড়ির জ্বালানি খরচ। এ টাকা না পেয়ে কোনো ব্যবস্থা নেননি ওই কর্মকর্তা। পুলিশের এ ভূমিকায় রত্নার পরিবার পড়ে আরও বিপাকে। বাড়ির মালিক তাঁদের তাড়িয়ে দেন। তাঁদের বিরুদ্ধে সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এ বিষয়ে রত্না আক্তার শনিবার প্রথম আলোকে বলেন, তিনি মাস খানেক আগে সাভার পৌরসভার আইচানদ্দা এলাকার আক্তার হোসেনের বাসা ভাড়া নেন। গত বৃহস্পতিবার পয়লা বৈশাখ উপলক্ষে তাঁর বাসায় উচ্চ শব্দে গান বাজাচ্ছিলেন। এ নিয়ে আক্তারের স্ত্রীর সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। এর জেরে শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে বাড়ির মালিক আক্তার তাঁর স্বামী বাদশাকে মারধর করেন। এ ঘটনার পরপরই তিনি সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দেন। এরই পরিপ্রেক্ষিতে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এস এম সালাউদ্দিন শুক্রবার রাত ১১টার দিকে ঘটনাস্থলে যান। তিনি বাড়ির মালিকের স্ত্রীর সঙ্গে কথা বলেন। মালিকের ঘর থেকে বেরিয়ে রত্নার কাছে গাড়ির জ্বালানি খরচ বাবদ এসআই দুই হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে এসআই তাঁকে গালমন্দ করেন।
মুঠোফোনে জানতে চাইলে এসআই সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘পাঁচ দিন ধরে পাম্প থেকে জ্বালানি সরবরাহ করা হয় না, পুলিশের গাড়ি চলছে আমাদের পকেটের টাকায়। এভাবে আর কত চালানো যায়? এ কারণেই জ্বালানি খরচ দাবি করা হয়।’
রত্না আরও বলেন, পুলিশ চলে যাওয়ার পরপরই বাড়ির মালিক আক্তার তাঁদের ওপর আরও ক্ষিপ্ত হন। একপর্যায়ে মারধরের ভয়ে তাঁর স্বামী, শ্বশুর ও শাশুড়ি বাসা থেকে চলে যান। তবে তিনি কোলের দুই শিশুকে নিয়ে বাসাতেই থাকেন। রাত দুইটার দিকে আক্তার দরজা ভেঙে তাঁর কক্ষে ঢোকার চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে সকালের মধ্যে বাসা ছেড়ে দেওয়ার জন্য সময় বেঁধে দেন। শনিবার সকালে মালামাল বের করার সময় আক্তার তাঁর শাশুড়ি জাহানারা বেগমকে মারধর করে মালামাল ভাঙচুর করেন। জাহানারাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তিনি বিষয়টি এসআই সালাউদ্দিনকে জানান। কিন্তু এসআই কোনো ধরনের ব্যবস্থা গ্রহণে অপারগতা প্রকাশ করেন।
রত্নার স্বামী বাদশা বলেন, তাঁরা শনিবার সকালে একই এলাকার আশক আলী নামের এক ব্যক্তির বাসা ভাড়া নেন। এরপর বাড়ির মালিকের স্ত্রী চামেলী বেগম তাঁদের বিরুদ্ধে থানায় জিডি করেন। ওই জিডির সূত্র ধরে পুলিশ তাঁদের নতুন বাসায় যায়। বাসার মালিককে বাসা ভাড়া না দেওয়ার জন্য শাসিয়ে আসে।
জানতে চাইলে রত্নাদের নতুন বাসার মালিক আশক আলী বলেন, দুপুরের দিকে থানার এক কর্মকর্তা তাঁর বাসায় যান। ওই কর্মকর্তা তাঁর নির্দেশ ছাড়া রত্নার পরিবারকে বাসায় ঢুকতে না দেওয়ার নির্দেশ দেন।
এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, একটি পাম্পের সঙ্গে চুক্তি রয়েছে। তারা চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করে থাকে। অনেক ক্ষেত্রে নানা কারণে সরবরাহ বন্ধ থাকতে পারে। তবে সেটা সাময়িক। তাই বলে জনসাধারণের কাছ থেকে জ্বালানি খরচ দাবি করার যুক্তি নেই।
বিষয়টি থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখকে অবহিত করলে তিনি তাৎক্ষণিকভাবে রত্নার অভিযোগটি তদন্তের জন্য অন্য একজন এসআইকে নির্দেশ দেন। পাশাপাশি তিনি এসআই সালাউদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
শনিবার সন্ধ্যায় যোগাযোগ করলে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ আল মামুন বলেন, এসআই জাকারিয়া হোসেনকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।