'জ্যেষ্ঠ সহকারী সচিবের' গাড়িতে ফেনসিডিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় চান্দিনা উপজেলার খাতঘর এলাকায় এক জ্যেষ্ঠ সহকারী সচিবের স্টিকার লাগানো প্রাইভেট কার থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাড়ির চালককে আটক করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। 

দাউদকান্দির ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত তল্লাশি অভিযানের অংশ হিসেবে পুলিশ আজ সকালে খাতঘর এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালায়। এ সময় গাড়িটির ভেতর থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশ সদস্যরা গাড়ির চালক আবুল বাশারকে আটক করেছেন।
আটক চালক আবুল বাশারের বরাত দিয়ে এসআই মনির আরও বলেন, জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, বাহার নামের এক ব্যক্তি তাঁকে কুমিল্লায় নিয়ে এসেছেন। গাড়িটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ সহকারী সচিবের বলেও আবুল বাশার দাবি করেন। অবশ্য গাড়িটিতে ওই সরকারি কর্মকর্তার নামসহ স্টিকার লাগানো আছে।

চালক আবুল বাশারের দেওয়া তথ্যের সঙ্গে গাড়ির মালিকানা মিলিয়ে দেখা হচ্ছে বলে জানান এসআই মনির। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।