'টাকা চুরির' শাস্তি
চুরির অভিযোগ এনে বাজারে সবার সামনে মধ্যবয়সী এক নারীর মাথার চুল কেটে দেওয়া হয়েছে। ওই নারী বারবার চুরির অভিযোগ অস্বীকার করে হাত-পা ধরলেও কেউ তাঁর কথা শোনেনি। উল্টো তাঁকে মারধর করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর কাঁচাবাজার এলাকায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান, নির্যাতনের শিকার ওই নারী (৪৫) জানিয়েছেন, তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তবে ঘটনার পর থেকে তাঁকে পাওয়া যাচ্ছে না।
গতকাল রোববার সফিপুর বাজারে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, সফিপুর কাঁচাবাজার এলাকার ব্যবসায়ী আবদুল জলিলের স্ত্রী মেয়ের বেতন দিতে স্কুলে যাচ্ছিলেন। পথে সফিপুর বাজারের কাছে তাঁর টাকা চুরি হয়ে যায়। এ সময় জলিলের স্ত্রী পাশে ওই নারীকে দেখতে পেয়ে আটক করেন। তিনি বিষয়টি মুঠোফোনে স্বামীকে জানান। পরে আবদুল জলিল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে ধরে সফিপুর কাঁচাবাজার কালীমন্দিরের সামনে নিয়ে যান। সেখানে ওই নারীকে বেদম মারধর করা হয়।
ব্যবসায়ীদের কয়েকজন জানান, বাজারে আবদুল জলিলের দোকানের সামনেই কাঁচামালের ব্যবসা করেন রহিমা বেগম নামের অপর এক নারী। তিনি চুরির অভিযোগে ধরে আনা নারীকে নিয়ে যান পাশের একটি মাঠে। সেখানে নিয়ে ওই নারীকে জোর করে চুরির কথা স্বীকার করানোর চেষ্টা করা হয়। তখন ওই নারী কান্নাকাটি করে বারবার টাকা চুরি করেননি বলে তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। একপর্যায়ে পাশের একটি চুল কাটার দোকান থেকে কাঁচি এনে তাঁর চুল কেটে দেওয়ার ভয় দেখানো হয়। তখন ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের উসকানিতে ওই নারীর চুল কেটে দেন রহিমা বেগম। এ সময় অনেকেই মুঠোফোনে ঘটনার ছবি তোলেন। কিন্তু তাঁদের কেউই চুল কাটায় বাধা দেননি।
ঘটনার পরের দিন বিষয়টি জানাজানি হলে কালিয়াকৈর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম একটি মামলা করেন। মামলার পর পুলিশ ওই দিনই ব্যবসায়ী আবদুল জলিল (৩৫), নজরুল ইসলাম (৩৫) ও রহিমা বেগমকে (৪৮) গ্রেপ্তার করে। গতকাল রোববার গ্রেপ্তার করা হয় সাইফুল ইসলামকে (৩৫)।
মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল আলম বলেন, ঘটনার পর বাজারের লোকজন ওই নারীকে ছেড়ে দিলে তিনি চলে যান। এরপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
চুরি হওয়া টাকার পরিমাণ এবং ওই নারী আসলেই টাকা চুরি করেছেন কি না, তা নিয়ে স্থানীয় লোকজনের দু্ই ধরনের বক্তব্য পাওয়া গেছে। এ প্রতিবেদকের সঙ্গে ১০/১২ জন প্রত্যক্ষদর্শীর কথা হয়। তাঁদের বেশির ভাগের বক্তব্য, ওই নারীর কাছে কোনো টাকা পাওয়া যায়নি। দুই-তিনজন বলেছেন, তিনিই টাকা চুরি করেছেন।