'টাকা না দিলে লাশ দেব না'
চিকিৎসা খরচের টাকা দিতে না পারায় এক ব্যক্তির লাশ আটকে রেখেছে রাজধানীর গুলশানের বেসরকারি সেবাপ্রতিষ্ঠান ইউনাইটেড হাসপাতাল। মৃত ব্যক্তির নাম মো. আসলাম (৫৪)। গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত ব্যক্তির স্বজনেরা পুরো চিকিৎসা বিল জোগাড় করতে পারেননি। বিলের কিছু অংশ এখন পরিশোধ করে বাকিটা পরে দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দিয়ে তাঁরা লাশ নিতে চেয়েছেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, ‘বাকি টাকা না দিলে লাশ দেব না।’
পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, আসলাম রাজধানীর মগবাজারের দিলু রোডের বাসিন্দা। আগে তিনি শেয়ার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দুই সন্তানের জনক। ফুসফুসে সমস্যাজনিত কারণে গত ৩ জুলাই তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
আসলামের মেয়ে সাদিয়া ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বাবা মারা যাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের হাতে চিকিৎসাবাবদ একটি বিলের কাগজ দেয়। প্রায় ৩১ লাখ টাকা বিল এসেছে। আমরা তাৎক্ষণিকভাবে প্রায় ১২ লাখ টাকা পরিশোধ করি। বাকি প্রায় ১৯ লাখ টাকা পরে দেওয়া হবে বলে লিখিত প্রতিশ্রুতির কথাও বলি। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়, বাকি টাকা না দেওয়া পর্যন্ত লাশ দেওয়া হবে না। পুলিশকেও জানিয়েছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না।’
সাদিয়া আরও বলেন, তাঁর বাবার চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়ে গেছে। এ মুহূর্তে তাঁদের কাছে কোনো টাকা নেই। সাহায্যের জন্য পত্রিকাতেও বিজ্ঞপ্তি দিয়েছেন তাঁরা। বিজ্ঞপ্তিটি হাসপাতাল কর্তৃপক্ষকে দেখিয়েও তাঁরা মন গলাতে পারেননি, বরং উল্টো তাঁদের সঙ্গে কয়েকজন কর্মকর্তা দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ করেন সাদিয়া।
গতকাল শনিবার সন্ধ্যা ছয়টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাদিয়া ও তাঁর পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে লাশের জন্য অপেক্ষা করছিলেন।
যোগাযোগ করা হলে হাসপাতালের অর্থ বিভাগের তত্ত্বাবধায়ক কাজী মো. সেলিম প্রথম আলোকে বলেন, স্বজনদের আগেই বলা হয়েছিল, আসলামের শারীরিক অনেক সমস্যা আছে। তাঁর দীর্ঘস্থায়ী চিকিৎসা দরকার। খরচও অনেক হবে। স্বজনেরা এতে রাজি হওয়ায় আসলামকে ভর্তি করা হয়।
সেলিম আরও বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রীর ছেলেও আমাদের ফোন করেছিলেন। আসলে আমরা বাকি টাকা না দিলে লাশ দেব না। তবে আলোচনার মাধ্যমে কিছু ডিসকাউন্ট করাতে পারব। লাশ আমাদের হিমঘরে ভালোভাবেই আছে।’
এ ব্যাপারে জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ রকম খবর পাওয়ার পর একজন পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে পাঠিয়েছি। আশা করি, সমস্যার সমাধান হয়ে যাবে।’