'টুটুলকে আগে থেকেই অনুসরণ করা হচ্ছিল'
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহমেদুর রশীদ চৌধুরী ওরফে টুটুলের মাথায় হাত বুলাচ্ছিলেন তাঁর স্ত্রী শামীম রুনা। চোখ গড়িয়ে তখন পানি ঝরছিল তাঁর। বলছিলেন, তাঁর স্বামীকে হুমকি দেওয়া হচ্ছিল। এ ছাড়া নানাভাবে ভয়ভীতি দেখানো হতো। হুমকির কারণে আট মাস আগে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন। তাতেও রক্ষা হয়নি। তাঁর স্বামীকে মেরে ফেলার জন্য হামলা করা হলো।
প্রথম আলোর কাছে আজ শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এভাবেই বলছিলেন বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদের স্ত্রী শামীম রুনা।
আজ দুপুরে রাজধানীর লালমাটিয়ায় প্রকাশনা প্রতিষ্ঠানটির কার্যালয়ে আহমেদুর রশীদসহ আরও দুজনকে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা। গুরুতর আহত তিনজনই এখন এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শামীম রুনা বলেন, বেলা দুইটা ১০ মিনিটেও তাঁর স্বামীর সঙ্গে কথা হয়। ১৫-২০ মিনিট পর আবার ফোন করলে তখন আর তিনি ফোন ধরেননি। তাঁকে আগেই থেকেই অনুসরণ করা হচ্ছিল। এ জন্য তিনি ফোন না ধরলেই ভয় লাগত। এর মধ্যেই অফিসের পিয়ন ফোন করে হামলার ঘটনা জানান। পরে জানতে পারেন, এলাকাবাসী ও পুলিশ তাঁর স্বামীসহ তিনজনকে হাসপাতালে নিয়ে গেছেন। তখন তিনি বাসা থেকে হাসপাতালে যান।
আহমেদুর রশীদের স্ত্রী বলেন, বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যার পর ফেসবুকে তাঁর স্বামীকে হুমকি দেওয়া হলে এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানায় জিডি করেছিলেন। এরপর পুলিশ মাঝে মাঝে টহল দিতে এলেও যে ধরনের নিরাপত্তা দেওয়ার কথা ছিল, সেটা দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।