'টোকেনে'র মাধ্যমে অটোরিকশা থেকে চাঁদাবাজি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর ও বগুড়া-নাটোর মহাসড়কে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশের সামনেই চলছে সিএনজিচালিত অটোরিকশা। ‘টোকেন বাণিজ্য’র মাধ্যমে চলছে তিন চাকার এসব যান। অটোরিকশার মালিক ও পরিবহনশ্রমিক সংগঠন এবং পুলিশ এই টাকা ভাগ করে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও ট্রাফিক পুলিশের তথ্যমতে, বগুড়া শহরকেন্দ্রিক প্রায় ১৫ হাজার সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। এর মধ্যে প্রায় ১০ হাজার নিবন্ধনবিহীন। গত ১ আগস্ট থেকে মহাসড়কে সব ধরনের তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে সরকার।

অটোরিকশার চালকেরা বলেন, নিবন্ধনহীন ১০ হাজার চালককে বাধ্যতামূলকভাবে মাসিক টোকেন নিতে হয়। এভাবে অটোরিকশার চালকদের কাছ থেকে মাসে প্রায় ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এর বাইরে সব অটোরিকশার চালককে ‘চেইন চাঁদা’ হিসেবে দিতে হয় প্রতিদিন গড়ে আরও প্রায় ১০০ থেকে ১২০ টাকা। সেই হিসাবে ১৫ হাজার অটোরিকশা থেকে চাঁদা তোলা হয় আরও প্রায় ১৫ লাখ টাকা।

হাইওয়ে পুলিশের বগুড়ার পুলিশ সুপার ইসরাইল হাওলাদার বলেন, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে হাইওয়ে পুলিশ সক্রিয় রয়েছে। তবে সীমিত পুলিশ সদস্য দিয়ে পুরোপুরি তা বন্ধ করা যাচ্ছে না। হাইওয়ে পুলিশের কেউ টাকা নিয়ে মহাসড়কে অটোরিকশা চলাচলের সুযোগ করে দিচ্ছে না।

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) বিকর্ণ কুমার চৌধুরী বলেন, পুলিশের বিরুদ্ধে অটোরিকশায় চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন।

অটোরিকশার চালকেরা বলেন, বগুড়া শহরকেন্দ্রিক প্রায় ১৫ হাজার সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ করে ছয়টি সংগঠন। এর মধ্যে দত্তবাড়ীস্ট্যান্ডে একটি, চেলোপাড়ার দুটি এবং গোহাইল সড়কের একটি সংগঠন নিয়ন্ত্রণ করেন যুবলীগের নেতারা। শেরপুর সড়কের সংগঠনটি জেলা স্বেচ্ছাসেবক লীগ ও স্টেশন সড়কের একটি সংগঠন জেলা শ্রমিক লীগ ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা নিয়ন্ত্রণ করেন। এসব সংগঠন থেকে প্রতিদিন ৭০ থেকে ১৫০ টাকা পর্যন্ত চাঁদা তোলা হয়।

শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাটিডালি মোড়ে অবস্থান করে দেখা যায়, মাটিডালি বিমান মোড়ে ফুলবাড়ী ফাঁড়ির পুলিশের উপস্থিতিতেই মহাসড়কে অটোরিকশা চলছে। এই এক ঘণ্টায় মহাসড়কে ৫৮৮টি অটোরিকশা চলাচল করলেও ৩৯৯টিই ছিল নিবন্ধনবিহীন।

রোববার একই ধরনের চিত্র দেখা যায় বনানী মোড়-শেরপুর এবং শাকপালা-নন্দীগ্রাম পথেও। বনানী মোড় থেকে শাজাহানপুর থানার সামনে দিয়েই চলাচল করে অটোরিকশা। অন্যদিকে কুন্দারহাট হাইওয়ে পুলিশ মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে নিয়মিত তল্লাশিচৌকি বসালেও ওই পথ দিয়েও চলছে অটোরিকশা।

শুক্রবার মাটিডালি মোড়ে অটোরিকশা থামিয়ে রসিদ দিয়ে চাঁদা তুলছিলেন চার যুবক। তাঁরা বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে পাঁচ ও দশ, বগুড়া পৌরসভার নামে পাঁচ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় কমিটির নামে পাঁচ টাকা করে চাঁদা তোলেন।

তাঁদের মধ্যে নাম প্রকাশ না করার শর্তে দুজন যুবক বলেন, তাঁরা সারা দিনে পারিশ্রমিক পান ৩০০ টাকা। তাঁদের কাছ থেকে অটোরিকশা মালিক সমিতির নেতারা দিন শেষে সব টাকা বুঝে নেন। এই টাকা অটোরিকশার মালিক ও পুলিশের মধ্যে ভাগাভাগি হয়।

কমপক্ষে ২০ জন অটোরিকশার চালক বলেন, দত্তবাড়ী থেকে মহাস্থান বা মোকামতলায় প্রতি খেপে ৩৫ টাকা ‘চেইন চাঁদা’ দিতে হয়। এর বাইরে পৌরসভা ৫ টাকা, সড়ক পরিবহন ফেডারেশন ৫ টাকা এবং কেন্দ্রীয় মোটর শ্রমিক ইউনিয়ন ১০ টাকা এবং সংগঠনটির মাটিডালি শাখায় ৫ টাকা হারে চাঁদা দিতে হয়। ফিরতি পথেও একই অঙ্কের চাঁদা গুনতে হয়। সাতমাথা থেকে শেরপুর পথে ৬০ টাকা ‘চেইন চাঁদা’ এবং পৌরসভা ও শ্রমিকদের আরও ২৫ টাকা দিতে হয়।

অটোরিকশার চালক আবদুর রশিদ বলেন, তাঁর অটোরিকশার নিবন্ধন নেই। তাতে সমস্যা নেই। মাসে চার শ টাকা দিয়ে টোকেন নিলেই কেউ ঝামেলা করে না।

চালক বাবলু মিয়া বলেন, তিনি জয়পুরহাটে অটোরিকশা চালান। গ্যাস নিতে প্রতিদিনই বগুড়ায় আসতে হয়। বগুড়ার কিচক বাসস্ট্যান্ড থেকে চাঁদাবাজি শুরু হয়। সেখানে দত্তবাড়ী অটোরিকশা মালিক সমিতির নামে ৩৫ টাকা, পথে শিবগঞ্জ পৌরসভার ১০ টাকা এবং মহাস্থানে পৌঁছামাত্র মাসে একবার ৪০০ টাকায় টোকেন নিতে হয়। চাঁদা না দিলে অটোরিকশা আটকে রাখা হয়। গ্যাস নেওয়ার পর মাটিডালি মোড়ে গেলে পৌরসভা, শ্রমিক ইউনিয়নের ২৫ টাকা চাঁদা দিতে হয়। এর বাইরে মাটিডালি মোড়ে ট্রাফিক পুলিশ এবং মহাস্থান ও মোকামতলায় প্রায়ই শিবগঞ্জ থানা-পুলিশকে চাঁদা দিতে হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবিব বলেন, পুলিশের অন্য কাজ বেড়ে যাওয়ায় মহাস্থান ও মোকামতলায় তল্লাশিচৌকি শিথিল করা হয়েছে। তবে পুলিশের বিরুদ্ধে অটোরিকশা থেকে টাকা তোলার অভিযোগ ঠিক নয়।

চালকদের কাছ থেকে চাঁদার বেশ কিছু রসিদ সংগ্রহ করে দেখা যায়, রঙিন ছাপা কাগজে মাসের নাম, মালিকের নাম-ঠিকানা, গাড়ির ইঞ্জিন, চেসিস নম্বর উল্লেখ থাকলেও কোন সংস্থা বা সংগঠনের নামে চাঁদা তোলা হচ্ছে এবং চাঁদার পরিমাণ উল্লেখ নেই। এর এক পৃষ্ঠায় চেয়ারম্যান ও সদস্যসচিবের স্বাক্ষর এবং ‘এই কার্ড জমাপূর্বক পরবর্তী পারমিট কার্ড প্রদান করা হইবে’ উল্লে­খ রয়েছে। অপর পৃষ্ঠায় দুটি হাতির ছবি এবং হাতে লেখা ‘কোডাক’ শব্দ উল্লেখ রয়েছে।

বগুড়া জেলা অটোটেম্পো, অটোরিকশা ও সিএনজি পরিবহন মালিক সমন্বয় কমিটি এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান বলেন, ‘মাসিক টোকেনের টাকা যায় পুলিশের পকেটে। এ কারণে ব্যক্তিগতভাবে আমি এ চাঁদার বিরুদ্ধে। তবে শেরপুর রুটের চালকদের কাছ থেকে এ চাঁদা তোলা হয় না। চেইন বাবদ যে টাকা তোলা হয়, তা সংগঠনের উন্নয়ন ও শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হয়।’

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল লতিফ মণ্ডল বলেন, অটোরিকশা থেকে যে চাঁদা তোলা হয়, তা যানজট নিরসন এবং দুস্থ শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হয়।