'ডাকাতির প্রস্তুতিকালে' যুবলীগের নেতা ও যুবদলের কর্মী গ্রেপ্তার
ফেনীর সোনাগাজীতে গত মঙ্গলবার রাতে ‘ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ’ যুবলীগের নেতা, যুবদলের কর্মীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, মঙ্গলবার রাতে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে বসে ১৫-২০ জন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ অভিযানে গেলে ডাকাতেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে কাটা রাইফেল, এলজি, গুলি, রামদা, চাপাতি, গ্রিল কাটার যন্ত্রসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলাউদ্দিন ইস্কান্দার, সাঈদ হোসেন, ইসমাঈল হোসেন ও সাইফুল ইসলাম। তাঁরা সোনাগাজী সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। দলীয় সূত্র জানায়, আলাউদ্দিন সোনাগাজী সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং সাঈদ হোসেন এলাকায় যুবদলের কর্মী হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, এই ঘটনায় সোনাগাজী মডেল থানার এসআই হারুনুর রশিদ ১৪ জনের নাম উল্লেখ করে থানায় দুটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।