'ডাকাতের ভয়ে বুক ধড়ফড় করে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কক্সবাজারের রামু ও সদর উপজেলার প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়ক যেন ডাকাতের অভয়ারণ্য। দিনদুপুরে ডাকাতেরা সড়কে যানবাহন থামিয়ে যাত্রীদের সর্বস্ব লুট করছে। ডাকাতের গুলিতে হতাহত হচ্ছেন লোকজন। এমনকি ডাকাতের গুলি থেকে নিস্তার পাচ্ছে না পুলিশও। চরম আতঙ্ক নিয়ে এই সড়কে চলাচল করতে হয়। ডাকাতের ভয়ে বুক ধড়ফড় করে।’
গত শনিবার রামু উপজেলার গর্জনিয়া বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম এসব কথা বলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত কয়েক বছরে এই সড়কে ডাকাতের গুলিতে মারা গেছেন পুলিশ সদস্যসহ তিনজন। ডাকাতের মারধরে আহত হয়েছেন দুই শতাধিক ব্যক্তি। এর মধ্যে পঙ্গু হয়ে গেছেন বেশ কয়েকজন।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কের করলিয়ামুরা, বৈদ্যপাড়া, অলিরঝিরি, বেঙডেপা, হাতিবান্ধা, হাজিপাড়া, ধুমছাকাটা, হাসনাকাটা, অর্জুনবাগান, পানেরছড়া, ছনখোলা, গজালিয়া, হিমছড়ি ও ভোমরিয়া ঘোনাসহ কমপক্ষে ১৮টি স্থানে প্রতিনিয়ত ডাকাতি হয়। প্রতি রবি ও বুধবার রামুর বাইশারীতে; সোম ও শুক্রবার রামুর ঈদগড়ে এবং শনি ও মঙ্গলবার সদর উপজেলার ঈদগাঁও বাজারে হাট বসে। প্রতি হাটের দিন প্রায় ৩০ হাজার লোক এই সড়ক দিয়ে চলাচল করেন। এ সময় ডাকাতেরা সক্রিয় হয়ে ওঠে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, কমপক্ষে সাতটি ডাকাত দল এই সড়কে ডাকাতি করে। প্রতিটি ডাকাত দলের সদস্য ৮ থেকে ১২ জন। সড়কে ডাকাতির পাশাপাশি তারা ঘরবাড়ি লুটপাট ও অপহরণ করে মুক্তিপণ আদায় করছে।
ঈদগড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল হুদা বলেন, আগস্টে এই সড়কে ১৭টি ডাকাতি হয়েছে। অপহৃত হয়েছেন পাঁচজন। এর মধ্যে দুজনকে হত্যা করা হয়েছে। ২২ আগস্ট সড়কের পানেরছড়া ঢালায় দুই দফা ডাকাতি হয়। এ সময় ডাকাতের গুলিতে পুলিশের কনস্টেবল সাদ্দাম আহত হন। ডাকাতি ও অপহরণ বন্ধের দাবিতে ১৮ আগস্ট ঈদগড় বাজার ব্যবসায়ী সমিতির আহ্বানে এলাকায় আধা বেলা হরতাল পালন করা হয়। কিন্তু কোনো ফল পাওয়া যাচ্ছে না।
ব্যবসায়ীরা বলেন, সম্প্রতি ঈদগড় গ্রামের মোহাম্মদ কালু, বাইশারী রাঙাঝিরি গ্রামের আবদুল কাদের ও বাইশারীর রশিদ উল্লাহ অপহৃত হওয়ার পর মুক্তিপণ দিয়ে ছাড়া পান। মুক্তিপণ না পেয়ে ১১ আগস্ট ডাকাতেরা রামুর গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের মো. ইলিয়াছ ও আবদুর রহিমকে গহিন জঙ্গলে নিয়ে হত্যা করে।
ঈদগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ আহম্মদ বলেন, প্রতি মাসে এই সড়কে ২০-২৫টি ডাকাতি। এ ছাড়া অপহরণের ঘটনাও ঘটছে।
সূত্র জানায়, ২০০৯ সালের ৯ নভেম্বর এই সড়কের পানেরছড়া ঢালায় ডাকাতি প্রতিরোধ করতে গিয়ে ঈদগড় পুলিশ ফাঁড়ির নায়েক সুষম চাকমা ডাকাতের গুলিতে নিহত হন। ২০০৭ সালে মারা যান রামুর ধুমছাকাটা গ্রামের জাকের হোসেন ও সোলাইমান সিকদার। গুলিবিদ্ধ হয়ে পঙ্গু জীবন কাটাচ্ছেন রামুর টুটারবিল গ্রামের আবুল কাশেম ও রেনুরকুল গ্রামের নুরুল হুদাসহ অনেকে।
ঈদগড় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফিরোজ মিয়া বলেন, সড়কের দুই পাশে গহিন জঙ্গল। ডাকাতেরা সড়কে লুটপাট করে মুহূর্তে জঙ্গলে পালিয়ে যায়। তাই তাদের ধরা যায় না।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা বলেন, এই সড়কের আইনশৃঙ্খলা রক্ষার জন্য ঈদগড় পুলিশ ফাঁড়িতে দুজন এসআইসহ পুলিশের ১২ জন সদস্য আছেন। কিন্তু সড়কে টহলের জন্য ফাঁড়িতে কোনো যানবাহন নেই। ডাকাতির খবর পেলে পুলিশকে অটোরিকশা খুঁজতে হয়। এ ছাড়া তিনজনকে ফাঁড়ি পাহারার দায়িত্ব দিয়ে পুলিশের নয় সদস্যের পক্ষে শক্তিশালী ডাকাত দলের মোকাবিলা করা কঠিন ও ঝুঁকিপূর্ণ।
সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) জসীম উদ্দিন তালুকদার বলেন, দুর্গম ও ঝুঁকিপূর্ণ এই সড়কে নিয়মিত টহল ও ডাকাতি প্রতিরোধের জন্য পুলিশের জনবল বৃদ্ধির পাশাপাশি যানবাহন সরবরাহের চেষ্টা চলছে।