'ডাকাতের' সঙ্গে গুলিবিনিময়, গ্রেপ্তার ৭
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার একদল ডাকাতের সঙ্গে গুলিবিনিময় হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় অস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাত ১১টার দিকে প্রত্যন্ত লম্বাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া সাতজন হলেন সরাইলের রসুলপুর গ্রামের মানিক মিয়া (৩৬), নরসিংহপুর গ্রামের হানিফ মিয়া (২৫), দুবাজাইল গ্রামের আজিজুর রহমান (২৪), নাসিরনগর উপজেলার বড়নগর গ্রামের দ্বীন ইসলাম (২৫), নরসিংদীর রায়পুর উপজেলার মধ্যের চর গ্রামের শিমুল মিয়া (২২), বিল্লাল মিয়া (৩৫) ও বাচ্চু মিয়া (৩৫। তাঁরা গণপিটুনি ও পুলিশের গুলিতে আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, গত বুধবার রাত ১১টার দিকে মানিক মিয়ার নেতৃত্বে ১৫-২০ জনের একদল ডাকাত লম্বাহাটি গ্রামে তিতাস নদের পাড়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। টের পেয়ে গ্রামবাসী চিৎকার শুরু করেন। একপর্যায়ে লম্বাহাটির অদূরে অরুয়াইল ফাঁড়ির পুলিশ সেখানে গেলে ডাকাত দল গুলি ছুড়তে থাকে। এ সময় পুলিশও পাল্টা গুলি করে। পরে পুলিশ ও এলাকাবাসী ধাওয়া করে সাতজনকে ধরে ফেলে। পুলিশ ডাকাত দলের ইঞ্জিনচালিত নৌকা থেকে একটি পাইপগান, একটি তালা কাটার যন্ত্র, চারটি বল্লম, দুটি বড় ছোড়া ও নৌকাটি জব্দ করেছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বলেন, গ্রেপ্তার হওয়া সাতজনের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইন ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুটি মামলা হয়েছে। তাঁদের আগামীকাল (আজ শুক্রবার) আদালতে সোপর্দ করা হবে। সংঘর্ষে পুলিশ ২৪টি ও ডাকাত দল ১০-১২টি গুলি ছুড়েছে।