'ডাকাতে'র সঙ্গে গোলাগুলি, এসআই গুলিবিদ্ধ, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে ‘ডাকাতে’র সঙ্গে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) গোলাগুলিতে এক উপপরিদর্শক (এসআই) গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার সকালে নগরের খানপুর সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২৬০ বোতল ফেনসিডিলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবির এসআই মফিজুল ইসলাম বলেন, মাদকের ঘটনা ফাঁস করে দিয়েছেন—এমন সন্দেহে গতকাল সকালে খানপুর সরদারপাড়া এলাকায় সহযোগী বিল্লাল হোসেনের বাড়িতে হামলা করেন ডাকাত দলের দেলোয়ার হোসেন ও তাঁর লোকজন। এ সময় ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। টের পেয়ে দেলোয়ার ও তাঁর লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করে। এ সময় দেয়ালে গুলি লেগে ফিরে এসে এসআই মনিরুজ্জামান মনিরের বুকে লাগে। তাঁকে উদ্ধার করে ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে ফেনসিডিলসহ চারজনকে গ্রেপ্তার হয়। দেলোয়ার পালিয়ে গেছেন।
ডিবির ওসি মাহমুদুল ইসলাম বলেন, গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।