'ডাকাত' ধরতে গিয়ে ককটেলে আহত পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মনমথপুর গ্রামে দুর্বৃত্তদের ছোড়া ককটেলের আঘাতে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য, ডাকাতদের ছোড়া ককটেলে দুই পুলিশ কর্মকর্তা আহত হন। আহত কর্মকর্তারা হলেন পার্বতীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাদেকুজ্জামান ও মো. মানিক উদ্দিন। তাঁদের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন মণ্ডলের ভাষ্য, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে ৫ নম্বর চণ্ডীপুর ইউনিয়নের কৃষক আবুল হোসেনের বাড়িতে ডাকাতি হচ্ছে বলে খবর পায় পুলিশ। এরপর ওসি থানার দুই এএসআই ও কয়েকজন কনস্টেবলকে নিয়ে ঘটনাস্থলে যান। এর আগেই ‘ডাকাতেরা’ পালিয়ে যায়।

ওসি নাসিরউদ্দিনের ভাষ্য, ঘটনাস্থল থেকে থানায় ফেরার পথে পুলিশ খবর পায় ‘ডাকাত’ দলটি পার্বতীপুর উপজেলার মনমথপুর ইউনিয়ন এলাকায় আছে। সেখানে গিয়ে ‘ডাকাত’ দলকে ঘিরে ফেললে পুলিশকে লক্ষ্য করে তারা ককটেল ছোড়ে। এ সময় দুজন এএসআই পায়ে আঘাত পান।

ঘটনাস্থল থেকে পুলিশ ডাকাতির অভিযোগে তিনজনকে আটক করেছে। তাঁরা হলেন দিনাজপুর শহরের ৭ নম্বর উপশহর এলাকার মো. রেজাউল ইসলাম (৪৮), দক্ষিণ রামনগর এলাকার মো. ফরিদ (২৭) ও হাকিমপুর উপজেলার বৈগ্রাম এলাকার মো. ফরহাদ (২২)। অন্যরা পালিয়ে গেছে।