'ডাকাত' বলে চিৎকার করায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেন নাটক বা সিনেমার গল্প। ঘরে ডাকাত হানা দিয়েছে। অস্ত্রের মুখে গৃহকর্তাসহ পরিবারের সবাইকে বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার লুট করেছে ডাকাত দল। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় ‘ডাকাত-ডাকাত’ বলে চিৎকার না করতে শাসানো হচ্ছে সবাইকে। কথা না শুনলে কান কেটে ফেলবে বলে হুমকি দিয়েছে ডাকাত সর্দার...। সিলেটের দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকায় গতকাল রোববার ভোররাতে এমনই এক ডাকাতির ঘটনা ঘটেছে। সাত-আটজনের ডাকাত দল হানা দেয় স্থানীয় বাসিন্দা ইজ্জত আলীর বাড়িতে। তাঁকেসহ পরিবারের অন্য সদস্যদের বেঁধে রেখে টাকা ও স্বর্ণালংকার লুট করে। পালিয়ে যাওয়ার সময় ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার না করতে শাসানো হয় তাঁদের। কিন্তু এর পরও ইজ্জত আলী চিৎকার করলে ডাকাত দলের একজন তাঁর বাঁ কানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরসালিন বলেন, ঘটনাটি ডাকাতি নয় বলে প্রাথমিকভাবে তাঁরা ধারণা করছেন।