'ডাক্তারের পা ধরে আমার মানিককে দেখতে কলাম...'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত বুধবার রাতে চিকিৎসকের অবহেলায় জিসান খান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিক্ষুব্ধ লোকজন স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও ও কয়েকটি আসবাব ভাঙচুর করেন।
পরিবারের লোকজন ও স্থানীয় লোকজন জানান, উপজেলার বুইকরা গ্রামের রুহুল আমিনের ছেলে জিসান বুধবার সন্ধ্যায় দুবার বমি করে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এ সময় আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আবদুল গফফার স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন না। এ সময় স্বাস্থ্য সহকারী আবদুল হান্নান জিসানকে ভর্তি করে একটি ইনজেকশন দেন। এর পর থেকেই জিসানের অবস্থার অবনতি হতে থাকে। রাত ১২টার দিকে কর্তব্যরত এক নার্স আবদুল গফফারকে তাঁর ক্লিনিক থেকে ডেকে আনেন। তিনি এসে জিসানকে না দেখেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এ সময় স্বজনেরা জিসানকে দেখার জন্য তাঁর কাছে অনুরোধ জানান। তার পরও তিনি রোগী দেখেননি। পরে রাত আড়াইটার দিকে জিসানের মৃত্যু হয়।
জিসানের মা মুন্নী বেগম বলেন, ‘ডাক্তারের পা ধরে আমার মানিককে দেখতে কলাম। কিন্তু ডাক্তার গফফার আমার কথা না শুনল না। আমি তার শাস্তি চাই।’
আবদুল গফফারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ধরেননি। স্থানীয় লোকজন জানান, গতকাল সকালে বিক্ষুব্ধ লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা চালিয়ে কয়েকটি আসবাব ভাঙচুর করেন। এ সময় চিকিৎসকের শাস্তির দাবিতে বেলা দুইটা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ বদরুদ্দোজাকে স্বাস্থ্য কমপ্লেক্সে অবরুদ্ধ করে রাখা হয়। আহমেদ বদরুদ্দোজা বলেন, ওই চিকিৎসক কর্তব্যে অবহেলা করেছেন। তাঁর ওই সময় হাসপাতালে থাকার কথা ছিল।