'ডিবি পরিচয়ে' তুলে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে নুর ওয়াহিদ সাগর (৩২) নামের একজন কম্পিউটার প্রকৌশলী দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে গত বুধবার রাতে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে ডিবি তা অস্বীকার করেছে।

নিখোঁজ নুর ওয়াহিদ ঢাকায় একটি প্রতিবন্ধী বিদ্যালয়ের চাকরি ছেড়ে দিয়ে প্রায় চার মাস ধরে আওয়ালগাড়ী গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন।

নুর ওয়াহিদের বাবা দেলোয়ার হোসেন বলেন, বুধবার রাত আটটার দিকে তাঁর ছেলে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। আক্কেলপুর-কুড়ানী বাজার সড়কের আক্কেলপুর পৌর সদরের পূর্ব রাজকান্দায় বেইস মিতালী নামক একটি এনজিওর কার্যালয়ের সামনে পথরোধ করে মোটরসাইকেলসহ তাঁর ছেলেকে একটি নীল রঙের পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায় অজ্ঞাত লোকজন। স্থানীয়রা জানিয়েছেন, নুর ওয়াহিদকে তুলে নিয়ে যাওয়ার আগে সেখানে পুলিশ বহনকারী পিকআপ ভ্যান অবস্থান করছিল। পুলিশের পোশাকে একজন ছিলেন। বাকিরা সাদা পোশাকে। সেখানে কয়েকজন পথচারী পুলিশি তল্লাশির মুখে পড়েন। পথচারীদের তাঁরা ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়েছিলেন।

ছেলে নিখোঁজ হওয়ার পর থানায় ও ডিবি পুলিশের কার্যালয়ে খোঁজ নিয়েছেন দেলোয়ার হোসেন। তবে তাঁরা এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন। এ ঘটনায় তিনি থানায় জিডি করবেন বলে জানিয়েছেন।

তবে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘নুর ওয়াহিদ সাগর নামে এক ব্যক্তিকে তাঁর পরিবার খুঁজে পাচ্ছে না বলে শুনেছি। এ ব্যাপারে তাঁর পরিবারের কেউ থানায় আসেননি।’

জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ডিবি পুলিশ আক্কেলপুরে কোনো অভিযানই পরিচালনা করেনি। তাই সেখান থেকে কাউকে আটক করার কথা সত্য নয়।