'ড্যানিশ গ্রুপে' চাকরির নামে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরে ড্যানিশ গ্রুপের দুই ভুয়া ব্যবস্থাপক মাহামুদুল ইসলাম লিটন ও সাঈদ আনোয়ারকে (হাফ হাতা সোয়েটার) আটক করে পরীক্ষার্থীরা পুলিশের কাছে সোপর্দ করেন l প্রথম আলো
রাজশাহী নগরে ড্যানিশ গ্রুপের দুই ভুয়া ব্যবস্থাপক মাহামুদুল ইসলাম লিটন ও সাঈদ আনোয়ারকে (হাফ হাতা সোয়েটার) আটক করে পরীক্ষার্থীরা পুলিশের কাছে সোপর্দ করেন l প্রথম আলো

‘ড্যানিশ গ্রুপের’ নামে চাকরির বিজ্ঞাপন দিয়ে রাজশাহীতে একটি ভুয়া প্রতিষ্ঠান কয়েক শ বেকার তরুণ-তরুণীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। গতকাল শুক্রবার আরও ১৫০ জনের পরীক্ষা নিতে গেলে তাদের প্রতারণার বিষয়টি ফাঁস হয়ে পড়লে পরিচালক দ্রুত পালিয়ে যান। তবে পুলিশ দুই কর্মকর্তাকে আটক করেছে।
ভুক্তভোগী সূত্র জানায়, গত ৯ নভেম্বর দৈনিক করতোয়া পত্রিকায় ‘ড্যানিশ গ্রুপের চাকরি’ শিরোনামে দেশের ২৬টি উপজেলা থেকে লোক নিয়োগের জন্য একটি বিজ্ঞাপন দেওয়া হয়। এতে ব্রাঞ্চ ম্যানেজার, এরিয়া ম্যানেজার, সিনিয়র অফিসার ও জুনিয়র অফিসার পদে নিয়োগের জন্য ২০০ টাকার ব্যাংক ড্রাফট সহকারে আবেদন চাওয়া হয়। আবেদনকারীদের ভেতর থেকে ১০০ জনের পরীক্ষা ৩০ ডিসেম্বর নগরের মাদার বক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজে নেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেকেই ১০ হাজার টাকা করে জামানত দিয়ে চাকরিতে ঢুকেছেন।
গতকাল শুক্রবার আরও ১৫০ জন প্রার্থী দেশের বিভিন্ন এলাকা থেকে পরীক্ষা দিতে আসেন। বগুড়ার ধুনট উপজেলা থেকে এসেছিলেন ওমর ফারুক। তিনি ঢাকায় হা-মীম গ্রুপে চাকরি করেন। অফিসার হিসেবে চাকরি করবেন, সেই আশায় তিনি রাজশাহীতে পরীক্ষা দিতে আসেন। তিনি বলেন, গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মাদার বক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজের পাঁচতলায় তাঁদের পরীক্ষা হয়। প্রশ্নপত্র পাওয়ার পরে তাঁরা খেয়াল করেন প্রশ্নপত্রের ওপরে প্রতিষ্ঠানের নাম লেখা রয়েছে ‘ড্যানিশ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি’। কিন্তু বিজ্ঞাপনে ছিল ‘ড্যানিশ গ্রুপ’। তাতে ড্যানিশ গ্রুপের পরিচিত মনোগ্রামও ছিল কিন্তু প্রশ্নপত্রে ওসব কিছু নেই। এ ছাড়া পরীক্ষা দিয়ে তাঁরা বাইরে এসে দেখেন সব পদের একই প্রশ্নপত্র। পরীক্ষার হলে দায়িত্ব পালন করেন ৩০ ডিসেম্বর পরীক্ষা দিয়ে যাঁরা জুনিয়র অফিসার পদে নিয়োগ পেয়েছেন তাঁরা। এতে তাঁদের সন্দেহ হয়। তাঁরা পরিচালক ওয়াজেদ আলীকে ঘিরে ধরেন। তাঁরা জানতে চান চাকরি পেয়ে তাঁদের কী কাজ করতে হবে।

ভুয়া পরিচালক ওয়াজেদ আলী l প্রথম আলো
ভুয়া পরিচালক ওয়াজেদ আলী l প্রথম আলো

এর জবাবে পরিচালক ওয়াজেদ আলী বলেন, প্রত্যেক উপজেলায় তাঁদের পরিবেশক থাকবে। সেখানে টেলিভিশন, ফ্রিজ ইত্যাদি ইলেকট্রনিকস পণ্য সরবরাহ করতে হবে। এবার তাঁরা ধরে বসেন ড্যানিশ গ্রুপের তো এসব পণ্য নেই। এরই মধ্যে জানাজানি হয়ে যায় আগে নিয়োগ পাওয়া ১০০ জন ‘অফিসার’ প্রত্যেকে ১০ হাজার টাকা জামানত দিয়ে চাকরিতে ঢুকেছেন। তাঁদের ১৮ হাজার টাকা করে বেতন দেওয়ার ঘোষণা দেওয়া হলেও কোনো কাজ দেওয়া হয়নি। বেতনও দেওয়া হয়নি। অবস্থা বেগতিক দেখে পরিচালক পালানোর চেষ্টা করলে পরীক্ষার্থীরা সবাই মিলে তাঁকে ঘিরে ধরেন। এ সময় স্থানীয় একজন যুবক এসে তাঁদের দেনা-পাওনার সব মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিচালককে সেখান থেকে তুলে নিয়ে যান। পরে তাঁদের আর হদিস পাওয়া যায়নি। পরীক্ষার্থীরা দুজন শাখা ব্যবস্থাপককে (ব্রাঞ্চ ম্যানেজার) ধরে কলেজের অভ্যর্থনা কক্ষের ভেতরে আটকে রাখেন। খবর পেয়ে বেলা দুইটার দিকে নগরের বোয়ালিয়া থানার পুলিশ গিয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে আসে।
আটক দুই ‘ব্যবস্থাপক’ হলেন মাহমুদুল হাসান ওরফে লিটন ও সাইদ আনোয়ার। লিটনের বাড়ি নগরের ভদ্রা এলাকায়। সাইদ আনোয়ারের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলায়। তাঁরা জুনিয়র অফিসারদের কাছ থেকে ১০ হাজার টাকা করে জামানত আদায় করেছেন। জামানতের টাকা কোথায় জানতে চাইলে আটক িলটন বলেন, তিনি জামানতের টাকা নিয়ে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বরে জমা দিয়েছেন। তিনি নিজেও ১০ হাজার টাকা জামানত দিয়ে চাকরিতে ঢুকেছেন।
নারায়ণগঞ্জ থেকে পরীক্ষা দিতে এসেছিলেন সেলিনা বেগম, খুলনা থেকে বিবেক হালদার এবং নাটোর থেকে নুরুন্নাহার। তাঁরা সবাই স্নাতক (সম্মানসহ ) স্নাতকোত্তর পাস করেছেন। তাঁরা বলেন, কাগজে বিজ্ঞাপন দেখে বিশ্বাস করে এসেছিলেন। আজকেও একই চাকরি-সংক্রান্ত বিজ্ঞাপন পত্রিকায় ছাপা হয়েছে।
নগরের মাদার বক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজের পাশের একটি বাসায় গিয়ে দেখা যায়, সাইনবোর্ডসর্বস্ব একটি কক্ষ ভাড়া নিয়ে প্রতিষ্ঠানের কার্যালয় তৈরি করা হয়েছে। সাইনবোর্ডে লেখা ‘ড্যানিশ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, রাজশাহী’। এর নিচে লেখা ‘সাউথ এশিয়া অনলাইন মার্কেট’ হেড অফিস, রাজশাহী।
কথা বলার জন্য পরিচালক ওয়াজেদ আলীর মুঠোফোনের তিনটি নম্বরে যোগাযোগ করে সব কটি বন্ধ পাওয়া যায়। গতকাল বিকেল চারটা পর্যন্ত থানায় আটক দুই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়নি। আদালতেও পাঠানো হয়নি।