'ঢুকেই ওরা ফাঁকা গুলি করে'

গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দুজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা পাওয়া গেছে। তাঁদের একজন ‘হলি আর্টিজান বেকারি’ নামের ওই রেস্তোরাঁর সুমন রেজা। হামলার সময় তিনি ভেতরে ছিলেন। বেরিয়ে আসার পর সুমন প্রথম আলোকে বলেন, রাত ৮টা ৪৫ মিনিটের দিকে ৮-১০ জন যুবক অতর্কিতে ঢুকে পড়ে। তাদের একজনের হাতে খোলা তলোয়ার ছিল, অন্যদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। ঢুকেই ওরা ফাঁকা গুলি করে। বেকারিতে ২০ জনের মতো বিদেশি নাগরিক ছিলেন।
সুমন বলেন, ‘আমি ছাদে ছিলাম। ওরা যখন বোমা মারছিল, তখন বিল্ডিং কাঁপছিল। ওরা ১০-১২টা বোমা মেরেছে। মারতেই আছে, মারতেই আছে। ওরা সামনের দিকে স্টেপ নিচ্ছিল মনে হচ্ছিল। তখন ছাদ থেকে লাফ দেই।’ তিনি বলেন, আক্রমণকারীদের বয়স সর্বোচ্চ ২৮ বছর বলে মনে হয়েছে। গুলি ছোড়ার সময় তারা ‘আল্লাহু আকবর’ স্লোগান দেয়। তিনি বলেন, বেকারির কয়েকজন কর্মীকে মুঠোফোনে পাওয়া যাচ্ছে না। দুই বিদেশি কর্মীর মধ্যে ইতালিয়ান একজন নিরাপদে রয়েছেন, আর্জেন্টাইন আরেকজনের খবর পাওয়া যাচ্ছে না।
রাত ১২টার দিকে মুঠোফোনে আর্টিজান বেকারির পাশের লেকভিউ ক্লিনিকের কর্মচারী বিজয় ইসলাম প্রথম আলোকে বলেন, হঠাৎ করে তাঁরা রেস্তোরাঁর ভেতর থেকে গুলির শব্দ শোনেন। এরপর হামলা শুরু হয়। পুলিশ সদস্যরা সামনে এগোতে চাইলে সন্ত্রাসীরা গুলি ও বোমা ছোড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ ভেতরে ঢুকতে পারছিলেন না।
ঘটনাস্থল থেকে আনোয়ারুল করিম নামের একজন বলেন, তাঁর ভাতিজা প্রকৌশলী হাসনাত করিম, হাসনাতের স্ত্রী ও দুই ছেলেমেয়েকে সেখানে জিম্মি করে রাখা হয়েছে। রাত ১০টা ৩৫ মিনিটে তাঁর সঙ্গে হাসনাতের মুঠোফোনে প্রথম কথা হয়। সে সময় ভেতর থেকে হাসনাত ‘আছি, কোনোরকমে আছি’ বলেই ফোন কেটে দেন। এরপর ১০টা ৪১ মিনিটে দ্বিতীয়বার কথা হয়। হাসনাত বলেন, ‘ওরা আমাদের জিম্মি করে রেখেছে। আশপাশে পুলিশ থাকলে বলো গুলি না চালাতে। গুলি চালালে আমাদের মেরে ফেলবে।’ এরপর ১১টা থেকে আর হাসনাতের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে আনোয়ারুল জানান।