'তিন লাখ টাকার জন্য খুন করা হয় শিশুটিকে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দের শিশু জান্নাতুলকে (৪) অপহরণের পর তিন লাখ টাকা পাওয়ার প্রতিশ্রুতিতে খুন করা হয়। পরে লাশ ফেলে দেওয়া হয় পরিত্যক্ত কূপে। ঘটনার প্রধান আসামি মো. মঞ্জু মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য দেন বলে পুলিশ জানিয়েছে।
গতকাল রোববার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শরিফুল ইসলামের আদালতে এ জবানবন্দি দেন মো. মঞ্জু।
কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, গতকাল বিকেলে জান্নাতুল হত্যার ঘটনায় মঞ্জুকে আদালতে হাজির করা হয়। মঞ্জু ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে জান্নাতুলকে হত্যার কথা স্বীকার করে দাবি করেন, শিশুটির বাবা কুলিসর্দার আনোয়ার হোসেন, হামিদুল ইসলাম ওরফে বকুল, মো. আইয়ুব আলী ওরফে কাঁঠাল ও মো. লালন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। টাকাপয়সার লেনদেন নিয়ে আনোয়ারের সঙ্গে তাঁদের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁরা আনোয়ারকে ঘায়েল করতে তাঁর সন্তানকে হত্যার পরিকল্পনা নেন। মেয়েটিকে হত্যার বিনিময়ে বকুল, কাঁঠাল ও লালন তাঁকে (মঞ্জু) তিন লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
রফিকুল ইসলামের ভাষ্যমতে, জবানবন্দিতে মঞ্জু আরও বলেন, তিনি বন্ধু নাজমুলকে নিয়ে ৭ অক্টোবর বিকেলে জান্নাতুলকে বাড়ির পাশ থেকে কৌশলে জঙ্গলের মধ্যে নিয়ে যান। মেয়েটিকে বসিয়ে রেখে প্রথমে দুজন মাদক নেন। সন্ধ্যায় তাকে গলা টিপে মেরে কূপের ভেতর ইটচাপা দিয়ে চলে আসেন।
জান্নাতুলের বাবা বলেন, মাদক ব্যবসাকে কেন্দ্র করে বকুল, কাঁঠাল ও লালনের সঙ্গে তিনিও কারাগারে ছিলেন। গত কোরবানির ঈদের সময় জামিনে ছাড়া পান। দ্বন্দ্ব থাকলেও তাঁকে ঘায়েল করতে শিশুসন্তানকে এভাবে অপহরণ করে মেরে ফেলা হবে, তা ভাবতে পারেননি।
কামারখন্দ থানার ওসি বাবুল উদ্দীন সর্দার বলেন, আনোয়ার ও হত্যার ঘটনার আসামি পাঁচজনই মাদক ব্যবসায় জড়িত ছিলেন। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও সবাই জামিনে ছিলেন। তাঁদের বিরোধের বলি হলো শিশুটি।