'তুই বিএনপি করিস' বলে ব্যবসায়ীকে গুলি পুলিশের

রাজধানীর দক্ষিণখানে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কোমরে গুলি করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গতকাল সোমবার সকালে আজমপুরের মুন্সী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ৫২ বছর বয়সী ব্যবসায়ী ফায়েজ আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ফায়েজের স্বজনদের অভিযোগ, ‘তুই বিএনপি করিস’ বলেই তাঁকে গুলি করেন দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন। স্বজনদের দাবি, ফায়েজ কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন।
এ বিষয়ে এসআই জয়নালের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ তালুকদার প্রথম আলোকে বলেন, ওই এলাকার পাশে রেললাইনে নাশকতার অভিযোগ পেয়ে সকালে পুলিশ সেখানে অভিযান চালায়। প্রায় ১০-১২ জন অবরোধ সমর্থক সেখানে জড়ো হয়েছিল। পুলিশ ধাওয়া দিয়ে ফায়েজকে ধরে ফেলে। একপর্যায়ে পুলিশের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা চালান ফায়েজ। ধস্তাধস্তির একপর্যায়ে অসাবধানতায় গুলি বের হয়ে ফায়েজের পায়ে লাগে।
তবে আহত ফায়েজের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে রাহাদুল ইসলাম বলেন, পুলিশ মিথ্যা কথা বলছে। তাঁর বাবা কখনোই কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তাঁরা দুই ভাই পড়াশোনা করছেন। উত্তরার আজমপুরের আইয়ুব মার্কেটে এমএস নিপু এন্টারপ্রাইজ নামে তাঁদের একটি রড-সিমেন্টের দোকান রয়েছে। মধ্য আজমপুরে তাঁদের বাসা। তাঁর অভিযোগ, কোনো কারণ ছাড়াই বাসার কাছে আজমপুরের মুন্সী মার্কেটের সামনে তাঁর বাবাকে গুলি করেছেন এসআই জয়নাল।
ঘটনার প্রত্যক্ষদর্শী ফায়েজের আত্মীয় নুরুল হাসান বলেন, সকাল সাড়ে আটটার দিকে তাঁর বাসার (নুরুলের) সামনে ফায়েজের সঙ্গে কথা বলছিলেন তিনি। এ সময় এসআই জয়নাল এসে জামার কলার টেনে ধরে ফায়েজকে ধরে নিয়ে যেতে চান। কারণ জিজ্ঞাস করলে ‘তুই বিএনপি করিস’ বলে ফায়েজের কাঁধ ধরে পেছনে ঘুরিয়ে তাঁর কোমরে গুলি করেন এসআই জয়নাল। গুলির শব্দে আশপাশে অনেক লোকজন জড়ো হয়। গুলিবিদ্ধ ফায়েজকে পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ওঠে। এ সময় জয়নাল তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকে আরেকটি পিস্তল জড়ো হওয়া মানুষের দিকে তাক করে মোটরসাইকেলে করে চলে যান। আহত ফায়েজকে বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।