'তুলে নেওয়ার' ১৭ ঘণ্টা পর ফিরে এলেন বিএনপি নেতা মহিউদ্দীন

গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার প্রায় ১৭ ঘণ্টা পর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দীনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর দল ও পরিবারের দাবি, গত মঙ্গলবার রাত ১২টায় রাজধানীর আরামবাগ এলাকার একটি বাস কাউন্টার থেকে তাঁকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যান কয়েকজন ব্যক্তি। গতকাল বুধবার বিকেলে একই এলাকায় তাঁকে রেখে যাওয়া হয় বলে বিএনপির নেতারা জানান।
শেখ মহিউদ্দীনকে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে গতকাল বেলা সোয়া তিনটায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। সংগঠনের সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টার মধ্যে মহিউদ্দীনকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। সংবাদ সম্মেলনের প্রায় দুই ঘণ্টা পর বিকেল সোয়া পাঁচটার দিকে তাঁকে আরামবাগ এলাকায় ছেড়ে দেওয়া হয় বলে দলটির নেতারা জানান।
এর আগে ঢাকায় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, শেখ মহিউদ্দীনকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে। কয়ক বছর ধরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ কাজ করে আসছে। বিএনপির এই নেতাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গতকাল বুধবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শেখ মোহাম্মদ মহিউদ্দীন সোমবার দলের মহাসচিবের সঙ্গে দেখা করেছিলেন। তাঁকে ধরে নেওয়ার জন্য এটা একটা কারণ হতে পারে। তিনি বলেন, ‘ডিবি অফিস থেকে ছাড়া পেয়ে মহিউদ্দীন আমার সঙ্গে প্রথমে কথা বলেছে। মহাসচিবের সঙ্গে সাক্ষাতের বিষয়ে এবং তার বিরুদ্ধে কোনো নাশকতার মামলা আছে কি না, এ নিয়ে তাকে সারা রাত জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।’
অবশ্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপকমিশনার (পূর্ব) খোন্দকার নুরুন নবী প্রথম আলোকে বলেন, ‘মহিউদ্দীন সাহেবকে কারা তুলে নিয়েছে, তা আমার জানা নেই। মঙ্গলবার রাতে আরামবাগে ডিবি কোনো অভিযান করেনি।’
শেখ মহিউদ্দীনের স্ত্রী ফরিদা ইয়াসমিন বলেন, তাঁর বাবা অসুস্থ। তাঁকে দেখতে রোববার তাঁর স্বামী ঢাকায় যান। মঙ্গলবার রাত ১২টায় চট্টগ্রামে ফেরার সময় তাঁকে ডিবি পুলিশ নিয়ে যায়। তাঁর স্বামীর এক বন্ধু খবরটি তাঁদের জানান। ওই বন্ধু বাস কাউন্টারে তাঁর সঙ্গে ছিলেন।
শেখ মোহাম্মদ মহিউদ্দীনের গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। পরিবার নিয়ে তিনি চট্টগ্রাম শহরের পাঁচলাইশ এলাকায় থাকেন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান গতকাল রাত সাড়ে সাতটায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শেখ মহিউদ্দীন চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
১৭ ঘণ্টা শেখ মহিউদ্দীনকে কোথায় রাখা হয়েছিল, কারা তাঁকে তুলে নিয়ে যায়—এসব বিষয়ে তাঁর পরিবারের সদস্যরা কিছু বলতে চাননি। মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।