'তোমাদের স্কুলে আসার দরকার নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে দলিত সম্প্রদায়ের শিক্ষার্থীদের ভর্ৎসনা করার অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে ওই সম্প্রদায়ের ২৭ শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। দলিত সম্প্রদায়ের লোকজন গত শনিবার কেশবপুরের ইউএনও শরীফ রায়হান কবিরের বাসায় গিয়ে লিখিত অভিযোগ দেন। এতে বলা হয়, গত বুধবার কালিয়ারই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির গণিতের ক্লাস নেন শিক্ষক পারভিনা খাতুন। এ সময় তিনি কোনো কারণ ছাড়াই সেখানে অধ্যয়নরত ঋষি সম্প্রদায়ের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা নোংরা। তোমাদের গা দিয়ে গন্ধ বের হয়। তোমাদের স্কুলে আসার দরকার নেই। তোমাদের লেখাপড়া শিখে কোনো লাভ নেই।’ ওই শিক্ষার্থীরা বাড়ি ফিরে বিষয়টি অভিভাবকদের জানায়। এরপর অভিভাবকেরা ছেলেমেয়েদের ওই বিদ্যালয়ে আর না পড়ানোর সিদ্ধান্ত নেন। এরপর থেকে ওই শিক্ষার্থীরা আর বিদ্যালয়ে যাচ্ছে না।
দলিত সম্প্রদায় ইউএনওর কাছে শিক্ষক পারভিনা খাতুন ও তাঁর স্বামী একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমানকে বদলি করার দাবি জানান।
দলিত সম্প্রদায়ের লোকজনের সঙ্গে আসা বিদ্যানন্দকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুস সামাদ মোড়ল বলেন, ‘দলিত সম্প্রদায়ের সঙ্গে এমন বৈষম্যমূলক আচরণ অমানবিক। সে কারণে আমিও প্রতিবাদ জানাতে এসেছি।’
একজন শিক্ষার্থীর অভিভাবক চুমকি দাস বলেন, ‘স্কুলে আমাদের ছেলেমেয়েদের হিন্দুধর্মের ক্লাস নেওয়া হয় না। এ বিষয়ের ওপর পরীক্ষাও হয় না।’
কালিয়ারই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমরা কেউই দলিত সম্প্রদায়ের শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করি না।’ স্কুলে হিন্দুধর্মের ক্লাস ও পরীক্ষা নেওয়া হয় বলে দাবি করেন তিনি।
বাংলাদেশ দলিত পরিষদের কেশবপুর শাখার সভাপতি অসীম দাস বলেন, ‘সংবিধানে আমাদের অধিকার সংরক্ষণ করা হলেও আমরা চরম বৈষম্যের শিকার হচ্ছি।’ তিনি দলিতবান্ধব শিক্ষাব্যবস্থা চালুর দাবি করেন।
ইউএনও শরীফ রায়হান কবির বলেন, ওই শিক্ষককে বদলি করে কালিয়ারই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দলিতবান্ধব শিক্ষক দেওয়ার ব্যবস্থা করা হবে। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।