'বন্দুকযুদ্ধে' সন্দেহভাজন ডাকাত নিহত
কক্সবাজারের মহেশখালী উপজেলায় সন্দেহভাজন দুই দল ডাকাত ও পুলিশের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলি-মাতারবাড়ি সড়কের মাঝখানে ধারাদিয়াখালের পূর্বপাশে এ ঘটনা ঘটে বলে পুলিশের দাবি।
পুলিশের ভাষ্যমতে, নিহত ব্যক্তির নাম মোহাম্মদ মুরাদ (৩২)। তাঁর বাড়ি উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের মোশারফ আলী সিকদারপাড়ায়। বাবার নাম শাহাদাত হোসেন। মুরাদের বিরুদ্ধে ডাকাতি ও অপহরণের মামলা রয়েছে।
পুলিশের দাবি, ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের চার সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি দেশি অস্ত্র, দুটি কার্তুজ ও পাঁচটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।
মহেশখালীর মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, আধিপত্য বিস্তার ও ডাকাতিকে কেন্দ্র করে দুই দল ডাকাতের মধ্যে কয়েক দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল দিবাগত রাত একটার দিকে দুই পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। ডাকাতদের ধাওয়া করলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ডাকাতেরা পালিয়ে যায়।
পুলিশের ভাষ্য, ‘বন্দুকযুদ্ধে’ তাদের চার সদস্য নজরুল ইসলাম, মোহাম্মদ নিজাম উদ্দিন, আবু ফয়সাল ও মুবিন হোসেন আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশের দাবি, দুই দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ পর ঘটনাস্থল থেকে মুরাদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। রাত সাড়ে তিনটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, নিহত মুরাদ ডাকাতদলের অন্যতম সদস্য। তাঁর বিরুদ্ধে থানায় একটি ডাকাতি ও একটি অপহরণের অভিযোগে মামলা রয়েছে।