'দখলে বাধা দেওয়ায়' মামলা, কার্বারি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগান ধ্বংস ও কর্মচারীদের মারধর করার অভিযোগে গাজী রাবার প্ল্যান্টেশন কোম্পানির দায়ের করা মামলায় বান্দরবানের লামায় এক কার্বারিকে (পাড়াপ্রধান) গ্রেপ্তার করেছে পুলিশ।
তবে আদিবাসীদের অভিযোগ, বাগান ও জুমের জমি দখলে বাধা দেওয়ায় এ মামলা করা হয়েছে। তাঁরা বলেন, পুলিশ গাজী রাবার প্ল্যান্টেশন কোম্পানির পক্ষে কাজ করছে। কার্বারিকে গ্রেপ্তারের পর ওই এলাকার পাঁচ পাড়ার আদিবাসীরা গ্রেপ্তার-আতঙ্কে আছেন।
পুলিশের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গাজী রাবারের লোকজনকে মারধরের অভিযোগে গত শনিবার রূপসী পুরোনো পাড়ার কার্বারি খইহ্লাচিং মারমাকে আসামি করে মামলা করা হয়। রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, গাজী রাবার প্ল্যান্টেশন কোম্পানি স্থানীয় কিছু ভূমি দালাল ও প্রভাবশালীর সহযোগিতায় লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের মুবৈ ঝিরি এলাকায় ৩০০ একরের বেশি জমি অবৈধভাবে দখল করেছে।
ওই জমিতে রূপসী পুরোনো পাড়ার ৩০টি পরিবার, নোয়াপাড়ার ১৫টি, সিংকুম ম্রোপাড়ার ৩০টি, সিংকুম মারমাপাড়ার ১৫টি ও কুনাও ম্রোপাড়ার ২৫টি পরিবার বংশপরম্পরায় জুমচাষ করে আসছিল। অনেক পরিবার সেখানে ফলদ-বনজ বাগানও করেছে।
রূপসী পুরোনো পাড়ার উসাংপ্রু মারমা ও সিংকুমপাড়ার ঙুনচং ম্রো বলেন, পাড়াবাসীর বাধা উপেক্ষা করে গাজী রাবারের লোকজন তাঁদের ফলদ-বনজ বাগান কেটে ফেলে এবং জমি দখল করে নেয়।
তাঁরা বলেন, অবৈধভাবে জমি দখলে বাধা দেওয়ায় খইহ্লাচিং কার্বারির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা অনেক নারী-পুরুষকে আসামি করে মামলা করা হয়েছে।
গাজী রাবারের উপদেষ্টা অসীম কুমার চন্দ বলেন, রাবার বাগান করার জন্য তাঁরা ২৯৮ নম্বর লংক্ষ্যং মৌজায় হেডম্যানের অনুমতিপত্রের ভিত্তিতে ভোগদখলীয় ১২৫ একর জমি কিনেছেন।
অসীম কুমার চন্দ জানান, এর আগে একইভাবে গাজী রাবার প্ল্যান্টেশন কোম্পানির নামে লামা দরদরি মৌজায় ৩৫০ একর ও সরই মৌজায় ২৫০ একর জমি নেওয়া হয়েছে।
অসীম কুমার চন্দ বলেন, খইহ্লাচিং কার্বারির নেতৃত্বে তাঁদের বাগান ধ্বংস ও কর্মচারীদের মারধর করে আহত করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা বলেন, হেডম্যানের প্রতিবেদনের ভিত্তিতে ভোগদখলীয় জমি কোনোভাবেই হস্তান্তযোগ্য নয়। তাঁর অভিযোগ, অবৈধ দখলদারদের গ্রেপ্তার না করে পুলিশ উল্টো আদিবাসীদের গ্রেপ্তার করছে।
পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য বলেন, বিষয়টি তদন্তের জন্য সোমবার (আজ) একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে লামা পাঠানো হবে। কারও বিরুদ্ধে অনিয়ম ও অন্যায় কার্যকলাপের প্রমাণ পাওয়া গেলে, তাঁর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।