'দলীয় কর্মীদের হাতে' খুন হন অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত কলেজছাত্র অভিষেক দে
নিহত কলেজছাত্র অভিষেক দে

সিলেট নগরীর টিলাগড়ে কলেজছাত্র অভিষেক দের (১৮) খুনের পেছনে ছাত্রলীগের দলীয় কর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে। ছাত্রলীগের সূত্রগুলো বলছে, নিহত অভিষেক ও অভিযুক্ত উভয় পক্ষই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এলাকায় আধিপত্য বিস্তার ও সর্বশেষ সরস্বতী পূজা আয়োজনে টাকা-পয়সা নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।

ছাত্রলীগের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেছেন, নিহত অভিষেক টিলাগড় কেন্দ্রিক ছাত্রলীগের একটি পক্ষের কর্মী হিসেবে সক্রিয় ছিলেন। এই ঘটনায় আটক সৈকত রায়ও (২৩) একই পক্ষের কর্মী।

সিলেট মহানগরের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সরস্বতী পূজায় কথাকাটাকাটি নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে অভিষেক দে নিহত হয়েছেন। দুই পক্ষই রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। তবে ঘটনাটি রাজনৈতিক নয়।’ ওসি আরও বলেন, আজ দুপুরে পরিবারের কাছে অভিষেকের মরদেহ হস্তান্তর করা হয়েছে। সৎকার শেষে তাঁর পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে। বৃহস্পতিবার রাতেই সৈকত রায়কে আটক করা হয়েছে। আহত শুভর পাশাপাশি তিনিও হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল বৃহস্পতিবার রাতের ওই ছুরিকাঘাতের ঘটনায় নিহত অভিষেকের বন্ধু শুভ রায় (১৮) ও আটক সৈকত রায় আহত হন। তাঁরা দুজন এখন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, শুভর বুকের বাম পাশে ও সৈকতের পায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। সৈকত নগরের গোপালটিলা এলাকার বাসিন্দা ও সিলেট সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। নিহত অভিষেক ও আহত শুভ নগরীর গ্রীণ হিল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। অভিষেক সিলেট নগরের সাদিপুর এলাকার দিপক দের ছেলে। তবে কারা, কেন এ ঘটনা ঘটিয়েছে, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতে অভিষেকের গলায় ক্ষতের সৃষ্টি হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।