কক্সবাজারের পেকুয়ার ‘দা বাহিনীর’ এক সদস্যকে গত রোববার রাতে চট্টগ্রাম নগর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আমির হোসেন (৩০) উপজেলার টৈটং ইউনিয়নের বটতলী এলাকার উকিল আহমদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
উকিল আহমদের ছেলে আবুল কালাম প্রথম আলোকে বলেন, ২০১৪ সালের ২৫ জুলাই তাঁর বাবাকে ‘দা বাহিনীর’ সদস্যরা হত্যা করে। এ ঘটনায় ২৭ জুলাই ২৪ জনকে আসামি করে পেকুয়া থানায় হত্যা মামলা করা হয়। চলতি বছরের ২২ মার্চ এজাহারভুক্ত ছয়জনকে বাদ দিয়ে চকরিয়ার বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। আদালত অভিযোগপত্র গ্রহণ না করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অধিকতর তদন্তের জন্য নির্দেশ দেন।
সিআইডির কক্সবাজারের উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা হাসান জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, আমির হোসেন চট্টগ্রামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। খবর পেয়ে চান্দগাঁও থেকে সিআইডি তাঁকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্র জানায়, ২০০৯ সালে টৈটং ইউনিয়নের পাহাড়ি জনপদে ‘দা বাহিনী’ গড়ে ওঠে। এ বাহিনীকে ঠেকাতে ২০১২ সালের দিকে গড়ে তোলা হয় ‘বোরকা বাহিনী’। গত পাঁচ বছরে এই দুই বাহিনীর হাতে অন্তত চারজন খুন হয়েছেন।
কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম বলেন, ‘টৈটংয়ের জনপদ এখন শান্ত। ওখানে কোনো বাহিনী নেই। গ্রেপ্তার আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়ে গেছে দুই বাহিনীর সদস্যরা। তারা গাজীপুর, চট্টগ্রাম ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় অবস্থান করছে। সেখান থেকেও তারা গ্রেপ্তার হচ্ছে।’