'দাগি অপরাধীরাও সাগরপথে বিদেশ যাচ্ছে'
কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) শ্যামল কুমার নাথ দাবি করেছেন, সাগরপথে যারা অবৈধভাবে মালয়েশিয়াসহ অন্য দেশে যাচ্ছে, তাঁদের মধ্যে দাগি অপরাধীও রয়েছে। আত্মরক্ষার জন্য দালাল বা দুষ্ট চক্রের মাধ্যমে তারা বিদেশ পাড়ি দিচ্ছে। এটাই বাস্তবতা।
পুলিশ সুপার বলেন, দাগি অপরাধী বা সন্ত্রাসীরা পাসপোর্ট পায় না। তাই গ্রেপ্তার এড়াতে নিরাপদে দেশ ছাড়তে তারা সাগরপথকেই বেছে নেয়। আর নিরীহ ও সাধারণ মানুষ যারা সাগরপথে পাড়ি দিচ্ছে, তাদের সংখ্যা খুবই কম।
গতকাল সোমবার রাত সাড়ে সাতটায় পেকুয়া থানার পুলিশ আয়োজিত মাদক ও মানব পাচারবিরোধী সচেতনতামূলক সভায় এসব কথা বলেন পুলিশ সুপার।
পেকুয়া থানার ওসি আবদুর রকিবের সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের সহকারী পুলিশ সুপার মো. মাসুদ আলম। বক্তব্য দেন কামাল হোসেন, আ ক ম সাহাব উদ্দিন ফরায়েজী, এম শহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।