'দালালেরা সব পালিয়েছে'
‘কাউকে পাওয়া যায়নি। দালালেরা সব পালিয়েছে।’—টানা চার ঘণ্টা ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে এমন মন্তব্য নির্বাহী হাকিম মো. আতিক ইসলামের।
খুলনা বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) কার্যালয়কে দালালমুক্ত করতে গতকাল বুধবার অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। খুলনা জেলা প্রশাসনের নির্বাহী হাকিমের নেতৃত্বে সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত এই অভিযান চলে। তবে এ সময় কোনো দালালকে আটক করা যায়নি।
নির্বাহী হাকিম আতিক ইসলাম বলেন, এখন থেকে নিয়মিত অভিযান চালানো হবে। তিনি বলেন, সম্ভবত অভিযানের খবর দালালেরা আগেই জেনে গিয়েছিলেন।
গত ২৩ সেপ্টেম্বর প্রথম আলোর মহানগর পাতায় ‘খুলনার বিআরটিএ কার্যালয় দালাল চক্রের দখলে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
দালালমুক্ত করতে পরিচালিত এই অভিযানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএর সচিব মো. শওকত আলী, খুলনা বিভাগের সহকারী পরিচালক এম মাসুদ আলম, খুলনার সহকারী পরিচালক এস এম কামরুল হাসান।