'দালালে'র বাড়িতে মজুত ৮০টি বৈদ্যুতিক মিটার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় স্থানীয় এক ব্যক্তির বাড়িতে পল্লী বিদ্যুতের ৮০টি নতুন বৈদ্যুতিক মিটার মজুত আছে। অভিযোগ উঠেছে, ওই ব্যক্তি পল্লী বিদ্যুতের কার্যালয়ে দালালি করেন। আর নতুন এই বৈদ্যুতিক মিটার বেশি টাকার বিনিময়ে গ্রাহকদের বাসাবাড়িতে লাগানো হচ্ছে।

ওই ব্যক্তির নাম রওশন আলী। তাঁর বাড়ি উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের পেশকারপাড়া গ্রামে। গত রোববার সন্ধ্যার আগে রওশনের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর শোয়ারঘরে ৮০টি নতুন বৈদ্যুতিক মিটার মজুত আছে।

রওশন বলেন, তিনি ব্যক্তিগত তহবিল থেকে ৭০ হাজার টাকা খরচ করে ১০০টি মিটার বাড়িতে এনে রেখেছেন। ওই টাকা তিনি বদরগঞ্জ বিদ্যুৎ কার্যালয়ে জমা দিয়েছেন। ইতিমধ্যে বানিয়াপাড়া ও পেশকারপাড়া গ্রামের ২০ জন গ্রাহককে মিটার লাগিয়ে দিয়েছেন। অন্যদেরও দেওয়া হবে।

গ্রাহকদের নামে ১০০টি মিটার তুলে এনে বাড়িতে রাখার কারণ সম্পর্কে বলেন, ‘বিদ্যুৎ অফিসের ভরসা আছে আমার প্রতি। তাই তাঁরা আমাকে এত মিটার দিয়েছেন। তবে আগে কিছু দালাল গ্রামের গ্রাহকদের মিটার দেওয়ার কথা বলে কয়েক হাজার টাকা হাতিয়ে নিয়ে এখন গা ঢাকা দিয়েছেন।’

গ্রামের বাসিন্দারা বলেন, রওশন আলী এলাকায় স্থানীয় পল্লী বিদ্যুৎ কার্যালয়ের দালাল হিসেবে পরিচিত। তিনি সপ্তাহখানেক আগে কাঁচাবাড়ি বানিয়াপাড়া ও পেশকারপাড়া দুটি গ্রামের গ্রাহকদের নামে শতাধিক বৈদ্যুতিক মিটার তুলে নিজ বাড়িতে এনে রেখেছেন। এরপর মিটারপ্রতি ৩ থেকে ৫ হাজার টাকা নিয়ে গ্রাহকদের বাসাবাড়িতে লাগিয়ে দিচ্ছেন।

অথচ বদরগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা যায়, সরকারি বিধি অনুযায়ী আবাসিক গ্রাহকদের নতুন সংযোগ পেতে ৫০ টাকা সদস্য ফি এবং ৬০০ টাকা মিটার ফি জমা দিতে হয়। এর বেশি টাকা নেওয়া অবৈধ।

রোববার বিকেলে পেশকারপাড়া গ্রামে গিয়ে দেখা গেছে, গ্রামের বাসিন্দা মঞ্জিলা বেগমের বাড়িতে নতুন বৈদ্যুতিক মিটার লাগাচ্ছেন সিদ্দিকুররহমান (৩০) ও রাশেদুল হক (৪০) নামে দুই ব্যক্তি। জানা গেল, তাঁরা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কর্মচারী নন। এ সময় রাশেদুল ইসলাম বলেন, বদরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান হুমায়ূনের নির্দেশে রওশন আলীর বাড়ি থেকে একটি মিটার এনে তাঁরা সেখানে লাগাচ্ছেন।

পেশকারপাড়া গ্রামের সোহেল রানা বলেন, দালাল না ধরলে বিদ্যুৎ অফিসের মিটার পাওয়া যায় না। কিছুদিন আগে মিটার দেওয়ার কথা বলে তাঁদের গ্রামের কয়েকজন দালাল আবাসিক গ্রাহকদের কাছ থেকে সাড়ে ৩ হাজার করে টাকা নিয়েছেন। এখন রওশন আরও টাকা দাবি করছেন। যাঁরা টাকা দিতে পারছেন না, তাঁদের বাড়িতে মিটারও লাগানো হচ্ছে না।

ওই গ্রামের মোয়াজ্জেম হোসেন ও বেলাল হোসেন অভিযোগ করেন, দুটি মিটার নিতে তাঁরা দুজনে রওশনকে ৮ হাজার টাকা দিয়েছেন। রওশন এখন আরও ২ হাজার টাকা চাইছেন।

বানিয়াপাড়া গ্রামের কৃষক তারাজুল হক বলেন, মিটার দেওয়ার কথা বলে রওশন আলী তাঁর কাছ থেকে ২ হাজার টাকা নিয়েছেন। এখন বিদ্যুৎ কার্যালয় থেকে মিটার তুলে এনে নিজের বাড়িতে রেখে আরও ৩ হাজার টাকা দাবি করছেন। টাকা দিতে না পারায় মিটারটি তাঁর বাড়িতে লাগানো হচ্ছে না। বিদ্যুৎ কার্যালয়ের লোকজন মিটার পেতে এখন রওশনের সঙ্গে যোগাযোগ করতে বলছেন।

লাইনম্যান হুমায়ূন বলেন, ‘আমি মিটারগুলো রওশনের বাড়িতে রেখেছি। মিটারগুলো আমি লাগাব। তবে আমি জানতে পেরেছি, গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে রওশন অন্য লোকদের দিয়ে মিটার লাগাচ্ছেন। আমি তাঁকে এ ব্যাপারে নিষেধ করেছি।’

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ বদরগঞ্জ এলাকার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শওকত হোসেন বলেন, ওই দুই গ্রামে মিটার দেওয়ার নামে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ তিনি শুনেছেন। বিষয়টি তিনি দেখবেন। রওশন আলীর বাড়িতে ৮০টি মিটার থাকার বিষয়ে তিনি বলেন, ‘মিটারগুলো কারও না কারও বাড়িতে রেখেই সংযোগ দিতে হয়। তবে বিদ্যুৎ কার্যালয়ের লাইনম্যান ছাড়া অন্য কেউ গ্রাহকের বাড়িতে মিটার লাগানোর কথা না।’

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক সোহরাব হোসেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘একসঙ্গে ১০০ মিটার
কারও বাড়িতে রাখার কোনো নিয়ম নেই। আর নিয়ম অনুযায়ী লাইনম্যান বিদ্যুৎ কার্যালয় থেকে মিটার গ্রাহকের ঠিকানায় নিয়ে লাগাবেন। বিষয়টি আমি দেখছি।’