'দায়িত্বে অবহেলা ও কর্মস্থলে অনুপস্থিতিও দুর্নীতি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার নাসিরউদ্দীন আহমেদ বলেছেন, সরকারি কোষাগার থেকে বেতন নিয়ে ঠিকমতো সেবা না দিলে সরকারি কর্মকর্তা যেই হোক, তাঁর বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে দুদক। দায়িত্বে অবহেলা ও কর্মস্থলে অনুপস্থিতিও এক ধরনের দুর্নীতি। সাধারণ মানুষের ভোগান্তি ও দুর্নীতির প্রকোপ কমাতে চট্টগ্রামেও কয়েকটি সরকারি কার্যালয়ে গণশুনানির আয়োজন করা হবে।
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আজ বুধবার নগরের একটি হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় দুদক কমিশনার নাসিরউদ্দীন আহমেদ এসব কথা বলেন। দুদক ও চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।
নাসিরউদ্দীন আহমেদ বলেন, দুর্নীতি দমনের পাশাপাশি দুর্নীতি প্রতিরোধেও সমান গুরুত্ব দিচ্ছে দুদক। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি স্থানে গণশুনানির আয়োজন করা হয়েছে। ভুক্তভোগীরা সেখানে উপস্থিত হয়ে সরাসরি তাঁদের অভিযোগ উত্থাপন করছেন।
দেশের বিভিন্ন এলাকায় সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে নাসিরউদ্দীন আরও বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলগুলোতে চিকিৎসকদের অনুপস্থিতি সবাইকে খুব পীড়া দেয়। এভাবে তো হবে না। যেহেতু সরকারি কোষাগার থেকে বেতন নিচ্ছেন, সেহেতু কর্মস্থলে অনুপস্থিত থেকে ও কাজ না করে দুর্নীতি করছেন। এরপরে আমরা খুব শক্ত অবস্থান নেব। সে চিকিৎসক হন, ইঞ্জিনিয়ার হন, শিক্ষক বা যেই হন। অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগে সুপারিশ করা হবে।’
চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি নাছিরউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য শিরীন আখতার, চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য, দুদক চট্টগ্রামের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাওন পান্থ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি নির্মূল করা কঠিন। তবে সমন্বিত চেষ্টা থাকলে ধীরে ধীরে এটি দূর করা সম্ভব। প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠান যদি নিজেদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারে তাহলে দুর্নীতি দূর হয়ে যাবে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা তৈরির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও সচেতনতাও তৈরি করতে হবে।