'দুই বাংলাদেশিসহ ১৭ জনকে আটকে রেখেছে পুলিশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটের গাঙনাপুরে সত্তরোর্ধ্ব খ্রিষ্টান সন্ন্যাসিনীকে (নান) গণধর্ষণের ঘটনার এক সপ্তাহ পরও গতকাল সোমবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। যদিও এ ঘটনায় জড়িত সন্দেহে ‘দুই বাংলাদেশি’সহ ১৭ জনকে আটক করা হয়েছে। দেশটির মানবাধিকার কর্মীদের অভিযোগ, তাঁদের ২৪ ঘণ্টার বেশি সময় ধরে অবৈধভাবে আটক রেখেছে পুলিশ। খবর দ্য হিন্দুর।
যদিও গত ১৪ মার্চ গণধর্ষণের এই ঘটনায় জড়িত চারজনের ভিডিওচিত্র সিসিটিভিতে ধারণ করা আছে। কিন্তু ওই চারজনের একজনের পরিচয়ও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রটেকশন অব ডেমোক্রেটিক রাইটসের (এপিডিআর) সহসভাপতি তাপস চক্রবর্তী বলেছেন, কোনো ব্যক্তিকে বিনা দোষে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে আটক রাখা মানবাধিকার লঙ্ঘনের শামিল। এ সময়ের মধ্যে আটক ব্যক্তিদের ছেড়ে দেয়নি কিংবা একজনকেও আদালতে হাজির করেনি পুলিশ। এর মধ্য দিয়ে পুলিশ স্পষ্টতই মানবাধিকার ও অপরাধবিষয়ক বিধি লঙ্ঘন করেছে।
এ বিষয়ে মন্তব্য জানার জন্য নদীয়ার পুলিশ সুপার (এসপি) অর্ণব ঘোষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।