'দুর্নীতি কমলেই সুশাসন নিশ্চিত করা সম্ভব'
দেশের সব শিক্ষার্থীকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। গতকাল বৃহস্পতিবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী টিআইবি-কেডিএস আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তৃতায় ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি ও সুশাসন একসূত্রে গাঁথা। দুর্নীতি কমলেই সুশাসন নিশ্চিত করা সম্ভব। শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ালে দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব হবে। তাই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে শিক্ষার্থীদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর। তিনি বলেন, যে বিতার্কিক, সে কখনো দুর্নীতি করতে পারে না।
বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (কেডিএস) সভাপতি সানজিদ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণবিষয়ক পরিচালক অধ্যাপক সোবহান মিয়া ও কেডিএসের সঞ্চালক তন্ময় চক্রবর্তী। স্বাগত বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনার সহসভাপতি এ কে হিরু। বিতর্ক উৎসবের প্রথম দিনে ‘বিতর্ক ও জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ’ বিষয়ক কর্মশালা এবং শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার দ্বিতীয় দিন বিতর্ক প্রতিযোগিতা হবে। তৃতীয় দিন কাল শনিবারও বিতর্ক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। উৎসবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি বিতার্কিক দল অংশ নিচ্ছে।