'দুষ্টুমি করায়' শিশুকে পেটালেন শিক্ষক!
কুষ্টিয়ার কুমারখালীতে গতকাল বুধবার শ্রেণিকক্ষের ভেতরে পিটুনিতে এক শিশু শিক্ষার্থী আহত হয়েছে। পিটুনিতে তার পিঠে কয়েকটি কালশিটে দাগ পড়ে গেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ওই শিক্ষার্থীর নাম ঝিলিক খাতুন (৭)। মা-বাবা হারা শিশুটি কুমারখালী শহরের আগ্রাকুণ্ডা এলাকার হাজী মনতাজ আলী প্রামাণিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অভিযোগের ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গণিত বিষয়ের ক্লাস নেওয়ার সময় ঝিলিক একটু দুষ্টুমি করেছিল। তাই চিকন একটি শুকনা ডাল দিয়ে তিনি কয়েকটি বাড়ি দেন। পরে ঝিলিকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখে তাঁর খারাপ লেগেছে। এ জন্য তিনি মেয়েটির অভিভাবক শাহাবুদ্দিনের কাছে ক্ষমা চেয়েছেন।
শাহাবুদ্দিন ঝিলিকের ফুপা। জন্মের মাত্র ৪০ দিন পর ঝিলিকের মা এবং ১ বছর বয়সে বাবা মারা যায়। এরপর থেকে ঝিলিককে নিজের পরিবারে নিয়ে লালনপালন করছেন শাহাবুদ্দিন।
শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল দুপুর ১২টার দিকে ঝিলিক স্কুল থেকে বাড়ি ফিরে কান্না শুরু করে। একপর্যায়ে মাটিতে শুয়ে পড়ে। কারণ জানতে চাইলে সে বলে, স্কুলের প্রধান শিক্ষক তাকে মারধর করেছেন। এরপর তিনি ঝিলিকের পিঠে কালশিটে দাগ দেখতে পান। পরে ঝিলিককে নিয়ে তিনি ওই স্কুলে যান। এ সময় প্রধান শিক্ষক মারধরের বিষয়টি স্বীকার করে ক্ষমা চান।
শাহাবুদ্দিন পরে ঝিলিককে সঙ্গে নিয়ে কুমারখালী উপজেলা শিক্ষা কর্মকর্তার দপ্তরে যান। তিনি এ ঘটনার বিচার চেয়ে লিখিত অভিযোগ দেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সামছুজ্জোহা বলেন, ‘মেয়েটির শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন দেখেছি। তার অভিভাবকের লিখিত অভিযোগ পেয়েছি।’ তিনি বলেন, প্রথমত ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। পরবর্তী সময় তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এতিম শিশুটিকে পিটিয়ে এভাবে আহত করায় ক্ষুব্ধ হয়েছেন এলাকাবাসীও। আগ্রাকুণ্ডা গ্রামের বাসিন্দা মিজানুর রহমান বলেন, মেয়েটির শরীরের আঘাতের চিহ্ন দেখে স্বাভাবিক থাকা যায় না। এলাকাবাসী ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান।